পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত বিজয়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার বিশ্বাসই হচ্ছে না। এত আনন্দ হচ্ছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়’—ওরিয়ন-প্রথম আলো অনলাইন বিশ্বকাপ কুইজে অংশ নিয়ে প্রথম বিশেষ পুরস্কারটা হাতে পেয়ে এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করছিলেন ঢাকার গোড়ান থেকে আসা আহছান আরেফিন খান।পুরস্কার হিসেবে আরেফিন পেয়েছেন ঢাকা-কুয়ালালামপুর-ঢাকার বিমান টিকিট। তাও আবার শুধু তাঁর একার জন্য নয়, সঙ্গীসহ! কাকে নিয়ে এই স্বপ্নের ভ্রমণটা করবেন—প্রশ্ন করতেই আরেফিন সলজ্জ ভঙ্গিতে ইঙ্গিত করলেন বাঁ পাশের চেয়ারে বসা স্ত্রী তৈয়াবাতুন জাহানের দিকে।গতকাল শনিবার ওরিয়ন-প্রথম আলো অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত পুরস্কারজয়ীদের প্রতিক্রিয়া ছিল কমবেশি একই রকম। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়াবাজারে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দেশের বরেণ্য ক্রিকেটাররা। মিরপুর থেকে আসা তসলিমা আখতার জিতেছেন মেগা পুরস্কার, স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব। এসেছিলেন তাঁর স্বামী আনোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে। পুরস্কারটা হাতে নিয়ে অবিশ্বাস্য চোখে বলছিলেন, ‘ক্রিকেটের জন্যই তো এই পুরস্কার। আমার খুব খুব ভালো লাগছে।’গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল ও ফাইনাল—তিন পর্বে প্রতিদিনের কুইজে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্য থেকে তিনজনকে দেওয়া হয় মেগা পুরস্কার স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব। ফাইনালের কুইজে বিজয়ী তিনজনকে দেওয়া হয় বিশেষ পুরস্কার। বিশেষ পুরস্কারের মধ্যে ছিল সঙ্গীসহ ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ও ঢাকা-কলকাতা-ঢাকা বিমান টিকিট। এ ছাড়া গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে প্রতিদিনের কুইজে বিজয়ী ৩৬ জনের মধ্যে ৩৪ জনকে দেওয়া হয় নকিয়া ২৭০০ মডেলের মোবাইল ফোনসেট।অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু ও আকরাম খান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এবং জাতীয় দলের ক্রিকেটার জাভেদ ওমর, সানোয়ার হোসেন ও তুষার ইমরান। এর আগে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের হাতে প্রীতি উপহার তুলে দেন ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম, প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক ও ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র।অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন। ক্রীড়াঙ্গনের ভগ্নদশা দূর করতে প্রথম আলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে গাজী আশরাফ হোসেন বলেন, ‘কাউকে না কাউকে এগিয়ে আসতেই হয়। প্রথম আলোকে বলব, একটা প্রচার চালাতে। আমরা যেন ক্রীড়াঙ্গনের ভঙ্গুর অবকাঠামো থেকে বেরিয়ে আসতে পারি।’সালমান ওবায়দুল করিম বলেন, ‘ঘরের মাঠে বিশ্বকাপ বলে এবারেরটা বিশেষ কিছু ছিল। এর সঙ্গে জড়িত থাকতে পেরে, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে আমরা উজ্জীবিত, গর্বিত।’