বিশ্বকাপ ক্রিকেট আসর শেষ হয়েছে সপ্তাহখানেক আগে। এর রেশ এখনো রয়ে গেছে। কান পাতলে পাড়ায়-মহল্লায় এখনো বিশ্বকাপ ক্রিকেট নিয়ে আলোচনা শোনা যায়। গতকাল রোববার সেই বিশ্বকাপের কিছুটা আমেজ উপভোগ করা গেছে আকরাম খান, নান্নু কিংবা তরুণ প্রজন্মের খেলোয়াড় তামিম ইকবালের চট্টগ্রামে। কারণ প্রথম আলো আলোকিত আরএসআরএম বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণী ফিরিয়ে এনেছে বিশ্বকাপের আমেজ।প্রথম আলোর আঞ্চলিক প্রকাশনা আলোকিত চট্টগ্রামের আয়োজনে সন্ধ্যায় নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে পুরস্কার বিতরণী উপলক্ষে বসেছিল ক্রিকেটপ্রেমীদের মিলনমেলা। কুইজের তিন পর্বের সেরা নয়জনকে তুলে দেওয়া হয় পুরস্কার। পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। পুরস্কার বিতরণ করতে গিয়ে হাবিবুল বললেন, ‘চট্টগ্রাম আমার লাকি গ্রাউন্ড। যখনই আমি রান খরায় ভুগতাম, তখনই শুধু প্রতীক্ষায় থাকতাম, কখন চট্টগ্রামে খেলতে যাব। চট্টগ্রামে এলেই আমি রান পেতাম। চট্টগ্রাম আমাকে কখনো খালি হাতে ফেরায়নি।’পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন। প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া লেখক ও প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, আরএসআরএমের পরিচালক (বিক্রয়) জুলফিকার আলী ও ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. আবুল কাশেম।আবুল মোমেন বলেন, ‘একসময় আমরা ফুটবল নিয়ে মাতামাতি করতাম। এখন ক্রিকেট নিয়ে। কারণ আমরা ক্রিকেটে বিশ্বকাপ খেলতে পারি। ক্রিকেটের পেছনে আমাদের আগ্রহ আছে, সমর্থন আছে, আছে সমর্থক। এসব কারণেই বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে। আর ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য প্রথম আলোর আজকের এই আয়োজন।’উৎপল শুভ্র বলেন, ‘আন্দোলনের মাধ্যমে বিশ্বকাপ নিজেদের মাঠে আনার ঘটনা পৃথিবীর ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়টি নেই। সেই দিক থেকে চট্টগ্রামকে আমি অভিনন্দন জানাই।’ মো. আবুল কাশেম প্রথম আলোকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘বিশ্বকাপের রেশ এখনো রয়ে গেছে। এই অনুষ্ঠানই তার প্রমাণ।’বক্তৃতা পর্বের পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানেও বিশ্বকাপ এবং ক্রিকেট। অনন্য বড়ুয়া ও তাঁর দল প্রথমেই নিয়ে আসেন একটি দলীয় নৃত্য। বিশ্বকাপের থিম সং ‘মার ঘুরিয়ে’ গানের সঙ্গে দলীয় নৃত্য হলভর্তি দর্শক উপভোগ করেন। এরপর সাসটেইন ব্যান্ড দল নিয়ে আসে একরাশ গানের ঢালি। সবশেষে ছিল চ্যানেল আই সেরা কণ্ঠের তারকা চৈতী মুৎসুদ্দীর একক পরিবেশনা। গানে গানে তিনি মাতিয়ে তোলেন পুরো মিলনায়তনকে। ঠিক যেন ক্রিকেট স্টেডিয়াম!যাঁরা পুরস্কার পেয়েছেন: প্রথম পর্বে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে রাশেদ খান, মো. ইব্রাহিম ও আবু জাহেদ। দ্বিতীয় পর্বে সেরা তিনটি পুরস্কার জিতেন যথাক্রমে মৃণাল কান্তি দাশ, সুমি ভট্টাচার্য ও ওসমান হোসেন কুতুবী। শেষ পর্বে প্রথম হন রাশেদ উদ্দিন। দ্বিতীয় অভিজিত চক্রবর্ত্তী এবং তৃতীয় হন আবু তাহের।প্রতি পর্বে প্রথম পুরস্কার ছিল একটি করে ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার ফ্রিজ। তৃতীয় পুরস্কার ছিল একটি একুশ ইঞ্চি রঙিন টিভি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আগত দর্শকদের জন্যও ছিল পুরস্কার। উপস্থিত দর্শকদের মধ্যে লটারি করে পাঁচজনকে পুরস্কৃত করা হয়।