পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী হামলা করে পুরস্কারসামগ্রী ভাঙচুর করেছেন। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, গতকাল দুপুরে কলেজের ২ নম্বর ভবনের নিচতলার একটি বড় কক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. এলিয়াছ হোসেন প্রধান অতিথি এবং জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসানের আমন্ত্রিত অতিথি হিসেবে থাকার কথা ছিল।

এ উপলক্ষে সকাল থেকেই কক্ষে সাজসজ্জা এবং পুরস্কারসামগ্রী এনে রাখা হচ্ছিল। কলেজের রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্কাউটের সদস্যরা ওই কাজ করছিলেন। বেলা পৌনে ১২টার দিকে ছাত্রলীগের ১০-১২ জন নেতা-কর্মী ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা চালান। হামলাকারীরা পাঁচ-দশ মিনিটের মধ্যে পুরস্কারসামগ্রীগুলো ভেঙে চলে যান।

রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান শিমুল বিশ্বাস বলেন, ‘হঠাৎ করেই তাঁরা ওই হামলা চালান। তাঁদের হাতে ধারালো অস্ত্র ছিল। পুরস্কার ভাঙচুরের সময় আমরা জীবনের ভয়ে সেখান থেকে সরে যাই।’ কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘জেলা ছাত্রলীগের স্কুলবিষয়ক সম্পাদক মীর জনি এবং শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক মো. রাশেদের নেতৃত্বে ওই হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। বিষয়টি দুঃখজনক। ওদের শাস্তি হওয়া উচিত। আমরা বুঝতে পারছি না কেন তারা ওই ঘটনা ঘটাল।’

হামলার কথা স্বীকার করে মীর জনি বলেন, ‘ছাত্রলীগের নেতা ছাড়াও আমি কলেজের একজন সাধারণ ছাত্র। দর্শন বিভাগে দ্বিতীয় বর্ষে পড়ি। কলেজ ছাত্রলীগের কয়েকজন যুগ্ম আহ্বায়ক কয়েক দিন আগেও অধ্যক্ষকে ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা চাঁদা আদায় করেন। ছাত্রলীগের ওই নেতাদের সঙ্গে যোগসাজশ করে অধ্যক্ষ খুবই দায়সারাভাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। তাই নেতা হিসেবে নয়, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ওই প্রতিবাদে অংশ নিয়েছি।’

এ ব্যাপারে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মো. এলিয়াছ হেসেন বলেন, ‘আমি কাউকে কোনো টাকা দিইনি। অনুষ্ঠানের আয়োজন নিয়ে তাদের কোনো কথা থাকলে তারা আমার কাছে এসে বলতে পারত। আমরা তাদের মনের মতো বড় করেও অনুষ্ঠান করতে পারতাম। কিন্তু তারা তা না বলে ওই ঘটনা কেন ঘটাল?’

অধ্যক্ষ বলেন, সব পুরস্কার ভাঙচুর হয়নি। তাই পরে তাঁরা ভালো থাকা পুরস্কারগুলো বিজয়ীদের মধ্যে বিতরণ করেছেন। জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের সঙ্গে পরামর্শ করে তাঁরা ওই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে তাঁরা আমন্ত্রিতও ছিলেন। কিন্তু তাঁরা আসেননি।

গতকাল বিকেলে সদর থানার ওসি এম এ হাশেম বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি।