পুরস্কারপ্রাপ্ত চিকিৎসা কেন্দ্রের এক্স-রে যন্ত্র নষ্ট আড়াই মাস
স্বাস্থ্যসেবায় সাফল্যের জন্য তিনবার জাতীয় ও বিভাগীয় পর্যায়ে পুরস্কার ও সনদ পেয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (৫০ শয্যার হাসপাতাল)। অথচ পুরস্কার পাওয়া এ হাসপাতালের একমাত্র এক্স-রে মেশিনটি প্রায় আড়াই মাস ধরে অকেজো হয়ে পড়ে আছে। ফলে এক্স-রের সুবিধা থেকে বঞ্চিত হয়ে রোগীরা বিভিন্ন ক্লিনিকে যেতে বাধ্য হচ্ছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে ঈশ্বরদী উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে ১০০ এমএম ক্ষমতাসম্পন্ন একটি এক্স-রে মেশিন এই হাসপাতালে সরবরাহ করা হয়। দুস্থ রোগীরা কম খরচে এখান থেকে এক্স-রের সুবিধা পেয়ে আসছিলেন। কিন্তু ১০ বছর আগেই মেশিনটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। তবু জোড়াতালি দিয়ে কোনোমতে কাজ চালিয়ে নেওয়া হচ্ছিল। গত ২৬ জুলাই হঠাৎ এক্স-রে মেশিনটি বিকল হয়ে যায়। এরপর থেকে হাসপাতালে এক্স-রে বন্ধ রয়েছে। নতুন এক্স-রে মেশিন সরবরাহ ও পুরোনো মেশিনটি মেরামতের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরে জানানো হলেও কোনো কাজ হয়নি।
স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, স্বাস্থ্য, মা, শিশু ও প্রসূতিসেবায় সাফল্যের জন্য এ স্বাস্থ্য কমপ্লেক্স ২০১৪ সালে জাতীয় এবং ২০১২ ও ২০১৩ সালে বিভাগীয় পর্যায়ে বিশেষ পুরস্কার ও সনদ পায়।
দড়িনারিচা পশ্চিম টেংরী মহল্লার গৃহবধূ শান্তনা বেগম ৫ অক্টোবর বলেন, তিনি সকালে হাসপাতালে এক্স-রে করাতে এসে জানতে পারেন, মেশিনটি নষ্ট। বাধ্য হয়ে তিনি বেসরকারি ক্লিনিকে গিয়ে এক্স-রে করিয়েছেন।
এক্স-রে টেকনিশিয়ান সদর উদ্দিন জানান, দীর্ঘদিনের পুরোনো এক্স-রে মেশিনে ভালো ছবিও পাওয়া যাচ্ছিল না। এক্স-রে টিউবসহ অন্যান্য যন্ত্রপাতিও কাজ করছিল না। মেরামতের জন্য ঢাকা স্বাস্থ্য বিভাগের যন্ত্রপাতি মেরামত ও সংস্কার সেলের প্রকৌশলী এবং পাবনা সিভিল সার্জন কার্যালয়ের দক্ষ টেকনিশিয়ানরা এসে এটি চালু করার চেষ্টা করেন। কিন্তু না পেরে এক্স-রে মেশিনটি নষ্ট ঘোষণা করে চলে গেছেন।
যোগাযোগ করা হলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এই হাসপাতালে রোগীর প্রচুর চাপ। কিন্তু এক্স-রে মেশিন না থাকায় রোগীদের সমস্যা হচ্ছে। বিষয়টি একাধিকবার ওপর মহলে জানানো হয়েছে। সেখান থেকে আশ্বাসও মিলেছে। কিন্তু এখনো এক্স-রে মেশিন পাওয়া যায়নি।