পুরস্কারপ্রাপ্ত মৎস্য খামারটি দখলের অভিযোগ
যশোরের মনিরামপুরের জাতীয় পুরস্কারপ্রাপ্ত মিতালী মৎস্য খামারটি এলাকার প্রভাবশালী মহল দখল করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে খামারের মালিক সিরাজুল ইসলাম গত রোববার প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে পত্র দিয়েছেন। জানা যায়, উপজেলার নেহালপুরের আড়পাতা বিলে প্রায় ২০০ বিঘা জলাশয় লিজ নিয়ে মিতালী খামারটি ২০০১ সাল থেকে মৎস্য চাষ শুরু করে। সুষ্ঠু ব্যবস্থাপনা ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষে বিশেষ ভূমিকা রাখার জন্য খামারটি ২০০৩ সালে জাতীয় পুরস্কার পায়।অভিযোগ রয়েছে, এলাকার প্রভাবশালী আবদুল বারী ও হামিদ মোল্যা জোরপূর্বক খামারটি দখল করে নিয়েছে। এ ব্যাপারে খামারের মালিক সিরাজুল ইসলাম বলেন, চলতি বছরের জুন মাসে জমির মালিকদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে। অথচ বারী ও হামিদ মোল্যা জমির মালিকদের ভয়-ভীতি দেখিয়ে একটি ভুয়া চুক্তিপত্র করে নিয়েছে।তবে আবদুল বারী দখলের কথা অস্বীকার করে বলেন, ‘দীর্ঘদিন ধরে লিজের টাকা নিয়ে সিরাজুল জমির মালিকদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। ফলে যাঁদের জমি, তাঁরাই সিদ্ধান্ত নিয়ে বেশি টাকায় আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।’ উপজেলা মৎস্য কর্মকর্তা হাদিউজ্জামান বলেন, ‘দখলের পাঁয়তারা চলছিল এটাই জানি, দখলের কথা শুনিনি।’ বর্তমানে খামারটিতে প্রায় দেড়কোটি টাকার মাছ রয়েছে বলে সিরাজুল দাবি করেছেন।