পুরস্কারের আশায় ধূমপান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেটির বয়স ১০, নাম বাবু। বাড়ির পাশের গরুর হাটে ব্যবসায়ীদের গরুর দড়ি ধরে দাঁড়িয়ে থাকত। বিকেলে বেচাকেনা শেষে ব্যবসায়ীরা তার হাতে কিছু টাকা ধরিয়ে দিতেন। হাতে কড়কড়ে টাকা পেয়ে বাবুর নজর পড়ে সঙ্গীদের দিকে। একটি বিশেষ ব্র্যান্ডের সিগারেটের প্যাকেট কুড়িয়ে বেড়াচ্ছে তার সঙ্গীরা। প্যাকেটের ভেতরের কাগজটা জমা দিলেই মেলে আকর্ষণীয় সব পুরস্কার। বাবুও শুরু করে সেই কাজ। প্যাকেট কুড়াতে কুড়াতে বাবু এখন সিগারেটে আসক্ত। দিনে দুই প্যাকেট সিগারেট লাগে তার।বাবু অনেক পুরস্কার পেয়েছে। এবার তার লক্ষ্য একটি মুঠোফোন সেট। শুধু বাবু নয়, রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন এলাকায় ছিন্নমূল পরিবারের শিশুরা এভাবে পুরস্কারের আশায় প্যাকেট সংগ্রহ করতে করতে সিগারেটে আসক্ত হয়ে পড়েছে।দিন কয়েক আগে এলাকার শিতলাই বাজারে আশরাফ আলীর চায়ের দোকানে গিয়ে দেখা হয় বাবুর সঙ্গে। সম্প্রতি ওই দোকানে সে ফুটফরমায়েশের কাজ নিয়েছে। কাজের ফাঁকে ফাঁকে সিগারেট ফুঁকছে বাবু। সে জানায়, তার বাবা তাইজুল ইসলাম রিকশাচালক। মা বেসরকারি একটি ক্লিনিকে আয়ার কাজ করেন। বাড়ি পার্শ্ববর্তী শিতলাই ভাঙ্গিপাড়া গ্রামে। বাবু জানায়, তিন ভাইয়ের মধ্যে সে মেজ। বড় ভাই লালন শাটার-মিস্ত্রির সহকারী। আর ছোট ভাই রিমনের বয়স আট বছর। অভাবের কারণে তাদের কারোরই পড়াশোনা হয়নি। সিগারেটের প্যাকেট জমা দিয়ে সে ইতিমধ্যে কাচের গ্লাস, প্লেট ও বালতি পেয়েছে। এখন তার লক্ষ্য একটা মুঠোফোন সেট। দোকানি আশরাফ আলী জানান, ১২টি প্যাকেটের ভেতরের কাগজ জমা দিলে একটি কাচের গ্লাস পাওয়া যায়। ২০টি জমা দিলে একটি প্লেট, ৬০টি জমা দিলে একটি বালতি পাওয়া যায়। কিন্তু মুঠোফোন সেট পেতে হলে একটি নির্দিষ্ট সিগারেটের প্যাকেট লাগে, যার ভেতরের কাগজে মুঠোফোনের ছবি থাকে। তিনি বলেন, শিশুরা প্যাকেট কুড়াতে কুড়াতে এক সময় নিজেরাই সিগারেট কিনে খাওয়া শুরু করে। সে এখন গাঁজাও খায়।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার দামকুড়া বাজার এলাকার ২৫ জন ছিন্নমূল শিশু এখন প্রতিদিন এই কাজ করছে। তারা প্রায় সবাই সিগারেটে আসক্ত। বাজারের মুদি দোকানি সোনারুল ইসলাম বলেন, তাঁর দোকানে প্রতিদিন ২০ থেকে ২৫ জন শিশু সিগারেটের প্যাকেট জমা দিয়ে যায়। কোম্পানির গাড়ি এলে তাদের জন্য পুরস্কার রেখে দেওয়া হয়। ওরা সবাই ছিন্নমূল পরিবারের ছেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দামকুড়া বাজারে গিয়ে লিটন (১৪), বাদশা (১৪) ও শাহীন (১৫) নামে তিন কিশোরের সঙ্গে কথা হয়। তারা স্বীকার করে, সিগারেটের প্যাকেট কুড়াতে কুড়াতে নিজের অজান্তেই ধূমপায়ী হয়ে ওঠে ওরা। তারা জানায়, এলাকার দরিদ্র পরিবারের ২৫ শতাংশ শিশুই সিগারেট ধরেছে। এ সংখ্যা দিন দিন বেড়ে চলেছে।