পুরস্কারের টাকা দুই পোশাকশ্রমিকের সন্তানকে দিল র্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হতভাগ্য দুই পোশাকশ্রমিকের দুই শিশুপুত্র রবিন ও সিয়াম। ছবি: কামরুল হাসান।
হতভাগ্য দুই পোশাকশ্রমিকের দুই শিশুপুত্র রবিন ও সিয়াম। ছবি: কামরুল হাসান।

সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় নিহত পোশাকশ্রমিক শাহীনা ও নিখোঁজ রোখসানার দুই শিশু সন্তানকে পাঁচ লাখ টাকা দিয়েছে র‌্যাব। সাভারে শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে ভূমিকা রাখার জন্য বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক সমিতি (বিজিএমইএ) র‌্যাবকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেয়। এই পুরস্কারের টাকা র‌্যাব ওই দুই পোশাকশ্রমিকের সন্তানদের হাতে তুলে দেয়।
আজ মঙ্গলবার ট্রাস্ট ব্যাংকের ঢাকা সেনানিবাস শাখায় র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান দুই শিশুর নামে আড়াই লাখ টাকা করে স্থায়ী আমানত (এফডিআর) খোলেন। শিশু দুজন হলো রানা প্লাজা ধসে নিহত পোশাকশ্রমিক শাহীনার ছেলে রবিন ও নিখোঁজ পোশাকশ্রমিক রোখসানার ছেলে সিয়াম। ধ্বংসস্তূপ থেকে রোখসানার স্বামী ইমরান মণ্ডলের মরদেহ উদ্ধার করা গেলেও রোখসানার মরদেহ খুঁজে পাননি উদ্ধারকর্মীরা। স্থায়ী আমানত থেকে প্রতি মাসে রবিন ও সিয়ামের অভিভাবকেরা আড়াই হাজার টাকা করে লভ্যাংশ পাবেন। শিশু দুটি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মূল টাকা অন্য কেউ তুলতে পারবেন না এবং তারা লভ্যাংশ পেতে থাকবে।
রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে প্রায় দুদিন ধরে উদ্ধারের চেষ্টা চলে শাহীনাকে। কিন্তু শেষ পর্যন্ত ধ্বংসস্তূপে আগুন ধরে যাওয়ায় উদ্ধারকর্মীরা শাহীনাকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারেননি। পরে উদ্ধারকাজে নিয়োজিত কর্মী কায়কোবাদও মারা যান।