পুরস্কারের মঞ্চে 'মাঠের লড়াই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গতকাল ‘কোয়ালিটি—আমার চট্টগ্রাম বিশ্বকাপ ক্রিকেট কুইজ’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিল্পীদের নৃত্য পরিবেশনা l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গতকাল ‘কোয়ালিটি—আমার চট্টগ্রাম বিশ্বকাপ ক্রিকেট কুইজ’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিল্পীদের নৃত্য পরিবেশনা l ছবি: প্রথম আলো

বিশ্বকাপ স্মৃতি এখনো তাজা। দাপটের সঙ্গে লড়েছেন টাইগাররা। মাঠের বাইরে কুইজ নিয়েও কম মাথা ঘামাতে হয়নি পাঠকদের। ‘কোয়ালিটি—আমার চট্টগ্রাম বিশ্বকাপ ক্রিকেট কুইজ’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাঠের লড়াইকেই যেন আবার ফিরিয়ে এনেছিলেন মূকাভিনয় শিল্পীরা।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রিকেটপ্রেমী মানুষের ঢল নামে। সাংস্কৃতিক আয়োজনে মূকাভিনয়ের সঙ্গে ছিল নাচ ও গান।
গত ১৫ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত প্রথম আলোর আঞ্চলিক প্রকাশনা আমার চট্টগ্রাম-এ পাঠকদের জন্য সপ্তাহে দুই দিন এ কুইজ ছাপা হয়।
সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম আলো বন্ধুসভার সদস্যদের পরিবেশনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এর পরেই প্রাপন একাডেমির শিশুশিল্পীরা মঞ্চে হাজির হন নৃত্যের তালে তালে। শিশুদের পরিবেশনা শেষ হতেই মঞ্চে আসে চ্যানেল আই সেরাকণ্ঠ নাবিলা। তিনি বেশ কয়েকটি জনপ্রিয় গান গেয়ে শোনান।
প্যান্টোমাইম মুভমেন্টের মূকাভিনয় শিল্পী হাসান শরীরী ভঙ্গিমায় কখনো ব্যাটসম্যান, কখনো বোলার আবার কখনো বা আম্পায়ারের ভূমিকা ফুটিয়ে তোলেন। অনুষ্ঠানে গান গেয়ে শোনান শিল্পী রঞ্জন চৌধুরী।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পরই ছিল পুরস্কার বিতরণী পর্ব। এতে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি কলিম সারওয়ার। বক্তব্য দেন সানোয়ারা গ্রুপের পরিচালক (অর্থ) জাহেদুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।
কলিম সারওয়ার বলেন, বিশ্বকাপে মাঠে খেলেছেন আমাদের ১১ জন ক্রিকেটার। তাঁদের সঙ্গে ছিলাম ১৬ কোটি মানুষ।
সানোয়ারা গ্রুপের পরিচালক (অর্থ) জাহেদুল ইসলাম বলেন, ‘আমরা সব সময় সামাজিক কার্যক্রমে যুক্ত হতে চাই। এই সুযোগটা আমাদের করে দিয়েছে প্রথম আলো। ভবিষ্যতেও এ ধরনের কাজে যুক্ত থাকতে চাই।’
প্রতিযোগিতায় মোট ১৩টি পুরস্কার ছিল। প্রথম তিনটি পুরস্কার যথাক্রমে ৩২, ২৪ ও ২২ ইঞ্চি এলইডি টেলিভিশন। এ ছাড়া ১০টি স্মার্ট মুঠোফোন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাঁরা উপস্থিত ছিলেন না তাঁদের সঙ্গে পরে যোগাযোগ করা হবে।