পুরস্কৃত হলেন খুলনার পাঁচ সংগ্রামী নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে গতকাল জীবনসংগ্রামে জয়ী পাঁচ নারীকে পুরস্কৃত করা হয় । প্রথম আলো
খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে গতকাল জীবনসংগ্রামে জয়ী পাঁচ নারীকে পুরস্কৃত করা হয় । প্রথম আলো

সরকারের ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ কর্মসূচির আওতায় এবার পুরস্কৃত হলেন খুলনা বিভাগের পাঁচ সংগ্রামী নারী। গতকাল শুক্রবার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের পুরস্কৃত করা হয়।
দেশের সাত বিভাগ থেকে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন করে সফল ও সংগ্রামী নারীকে পুরস্কৃত করার উদ্যোগ নেয় মহিলাবিষয়ক অধিদপ্তর। গত ২৫ জানুয়ারি রাজশাহী বিভাগের পাঁচ নারীকে সম্মানিত করার মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। তারপর রংপুর ও বরিশাল বিভাগে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
খুলনার পুরস্কারপ্রাপ্ত নারীরা হলেন: সফল জননী হিসেবে খুলনা জেলার রূপসা উপজেলার কাচদিয়া গ্রামের ফরিদা বেগম; শিক্ষা ও চাকরির ক্ষেত্রে পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের সরল গ্রামের সাবিনা ইয়াসমিন; নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুর ক্ষেত্রে রূপসা উপজেলার মিলকী দেয়াড়া গ্রামের সালমা খাতুন; জীবনসংগ্রামে জয়ী হয়ে অর্থনৈতিক সাফল্য লাভের জন্য কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সোনালী আক্তার; আর সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ যশোর জেলার অভয়নগর উপজেলার কামকুল গ্রামের অর্চনা বিশ্বাস।
স্বামীর স্বল্প বেতনে সংসার চলছিল না। নয় সন্তানের ভবিষ্যৎ ভাবনায় উদ্বিগ্ন ফরিদা বেগম তাই একসময় হস্তশিল্পজাত সামগ্রী তৈরি করে বিক্রি শুরু করেন। পাশাপাশি হাঁস-মুরগি ও গাভি পালন করতে থাকেন। এভাইে নয় সন্তানের প্রত্যেককে উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত করেন তিনি।
দরিদ্র পরিবারের সন্তান মো. সালমা খাতুন আর্থিক ও সামাজিক প্রতিকূলতা কাটিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বাবার মৃত্যুর সময় তাঁর বয়স ছিল আট। দুই ভাই ও দুই বোনের সংসারে টাকার অভাবে কারোরই লেখাপড়া হয়নি। লেখাপড়া করতে না পেরে খেলাধুলার দিকে ঝুঁকে পড়েন সালমা। এখন তিনি বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক।
১৯৭১ সালের ২৮ জুলাই সাবিনা ইয়াসমিনের বাবা শেখ মাহাতাব উদ্দীনকে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করে। তখন তিনি নবজাতক। অনেক সংগ্রাম করে ইংরেজিতে এমএ পাস করেন। বর্তমানে তিনি যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
ক্ষুদ্র ব্যবসায়ী স্বামী জসিম উদ্দিনের একার আয়ে সংসার চলত না। অভাব দূর করতে ২০০৪ সালে বিআরডিবি থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়ে চার-পাঁচজন নারীকে নিয়ে ‘সোনালী হস্তশিল্প’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন সোনালী আক্তার। বর্তমানে তাঁর প্রতিষ্ঠানে ১২০০ নারী কাজ করে সংসার চালাচ্ছেন।
অর্চনা বিশ্বাসের স্বামী রাজনৈতিক কারণে জেলে যান। সে সময় তিনি মাত্র ৩০০ টাকা বেতনে সেবিকা হিসেবে কাজ শুরু করেন। তিনি এখন একটি বেসরকারি সংস্থা প্রতিষ্ঠা করে অন্যের সমস্যা সমাধান করছেন।
খুলনার বিভাগীয় কমিশনার আবদুল জলিলের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে মহিলা অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেনের স্বাগত বক্তব্যের পর জয়িতাদের জীবন সংগ্রাম নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। এরপর জয়িতারা নিজেদের সংগ্রামী জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন।
জয়িতাদের প্রত্যেকের হাতে সম্মাননাপত্র, ক্রেস্ট ও ১০ হাজার টাকার চেক তুলে দেওযা হয়। এ আয়োজনের মিডিয়া পার্টনার প্রথম আলো ও চ্যানেল আই।