পুরস্কৃত হলেন ৩২ নারী পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো কর্মক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখায় ৩২ জন নারী পুলিশকে সম্মাননা জানিয়েছে বাংলাদেশ পুলিশ। গত বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে তাঁদের সম্মান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী নারীদের আরও বেশি করে পুলিশ বাহিনীতে যুক্ত করতে সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের অগ্রগতিতে শ্রমজীবী নারী থেকে শুরু করে সাংবিধানিক পদে থাকা নারী সবারই অবদান আছে।
প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশে ৫০ জন নারীকে যুক্ত করা হয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, নারীরা শিক্ষা ও চিকিৎসার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার কাজেও সমানভাবে এগিয়ে যাচ্ছে। দেশের ভেতর আইনশৃঙ্খলা রক্ষার কাজে নারীরা ভালো করছেন, শান্তি মিশনেও তাঁদের কাজ প্রশংসিত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এখন শত শত, হাজার হাজার নারী রাত ১২টা-১টা পর্যন্ত কর্মক্ষেত্রে থাকছেন। এতেই প্রমাণিত হয় নারীরা অনেক এগিয়েছেন।’
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, গুরুত্বপূর্ণ পদে নারীরা থাকার পরও নারী নির্যাতন বন্ধ হচ্ছে না। নারীরা নির্যাতনের শিকার হলে যেন স্বচ্ছন্দে তাঁদের সমস্যার কথা বলতে পারেন, সে জন্য উপজেলা পর্যায়ে কমপক্ষে একজন নারী উপপরিদর্শক নিয়োগের কথা বলেন তিনি।
পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক বলেন, স্বাধীনতার পর পুলিশ বাহিনীতে মাত্র ১৪ জন নারী ছিলেন। এখন এই সংখ্যা ৮ হাজার ৭৫৯। মেধা, যোগ্যতা ও দক্ষতা দিয়ে নারী পুলিশদের নিজেদের অবস্থান তৈরি করে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপমহাপরিদর্শক মিলি বিশ্বাস।
অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশ পুলিশ উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড, এক্সেলেন্স ইন অ্যাক্ট, মেডেল অব কারেজ, কমিউনিটি সার্ভিস, পিসকিপিং মিশন স্পেশাল অনার অ্যাওয়ার্ড ও এন্ট্রাপ্রেনিউর উইমেন অর্গানাইজেশন অব দ্য ইয়ার—এসব ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার হিসেবে নারীরা পেয়েছেন একটি ক্রেস্ট, একটি সনদ ও ১০ হাজার টাকা। উদ্যোক্তা ক্যাটাগরিতে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক পুরস্কৃত হয়।