পুরাতন মংলায় খাওয়ার পানি সরবরাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা বন্দরের পুরাতন মংলার আবাসিক এলাকায় গতকাল রোববার থেকে খাওয়ার পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর প্রতিষ্ঠার পর থেকে ছয় দশক ধরে পৌরবাসীর জন্য এ পানি সরবরাহ ব্যবস্থা চালু রয়েছে। এ সিদ্ধান্তে বিশুদ্ধ খাওয়ার পানির তীব্র সংকটে থাকা পৌরবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।মংলা বন্দর সূত্রে জানা গেছে, ১৯৫০ সালে মংলা বন্দর প্রতিষ্ঠার পর থেকে বন্দরের শ্রমিক, ব্যবসায়ী ও পেশাজীবীদের জন্য বন্দর কর্তৃপক্ষ অর্থের বিনিময়ে খাওয়ার পানি সরবরাহ করে আসছে। বন্দর কর্তৃপক্ষ শুরুতে বার্জের সাহায্যে খুলনা থেকে ও পরে পাইপলাইনের মাধ্যমে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা থেকে এ পানি সরবরাহ করে আসছে। এ পানি প্রথমে পুরাতন মংলার ১ নম্বর লেবার জেটির ওভারহেড রিজার্ভ ট্যাংকে সংরক্ষণ করা হয়। পরে টোকেনের মাধ্যমে রেশনিং পদ্ধতিতে ভারবাঁশে (কাঁধে বহন করে) করে গ্রাহকদের মধ্যে সরবরাহ করা হতো।সম্প্রতি বন্দর কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী বিভাগ-৩ থেকে জারি করা এক আদেশে জানানো হয়, ১ অক্টোবর থেকে পুরাতন মংলায় আর মিষ্টি (খাওয়ার) পানি সরবরাহ করা হবে না। কিন্তু গতকাল থেকেই পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।পৌর এলাকার সুরেশ্বর হোটেলের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন বলেন, এমনিতেই মংলা অত্যন্ত লবণাক্ত এলাকা। বছরের প্রায় ১২ মাসই খাওয়ার পানির তীব্র সংকট থাকে এখানে। পৌর এলাকার প্রায় অধিকাংশ পরিবারই বন্দরের সরবরাহ করা পানি ব্যবহার করে থাকে। এ পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হলে এলাকাবাসী খাওয়ার পানির তীব্র সংকটে পড়বে। বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিক্স) মো. কাওসার আহমেঞ্চদ বলেন, ‘পানি বিক্রি বাবদ অনেক প্রতিষ্ঠানের কাছে আমাদের অনেক টাকা অনাদায়ী রয়েছে। মূলত এ কারণেই বন্দর কর্তৃপক্ষ পানি সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।’