
বাগেরহাটে ভৈরব নদের ভাঙনে ঝুঁকির মধ্যে পড়েছে পুরাতন রূপসা-বাগেরহাট সড়ক। সদর উপজেলার যাত্রাপুর বাজারসংলগ্ন মুচিঘাট এলাকায় সড়কটির অর্ধেকের বেশি অংশ ইতিমধ্যে বিলীন হয়ে গেছে, বাকি অংশে ফাটল দেখা দিয়েছে। ওই সড়কে যানবাহন চলাচল যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। ভাঙনের আতঙ্কে আছে যাত্রাপুর ইউনিয়নের অন্তত চারটি গ্রামের কয়েক শ বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার অন্তত চারটি ইউনিয়নের বাসিন্দারা পুরাতন রূপসা-বাগেরহাট সড়কটি দিয়ে জেলা সদর, ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা শহরে যাতায়াত করেন। কয়েক বছর ধরে বর্ষায় ভাঙছে ভৈরব নদের মুচিঘাট এলাকা। এর মধ্যে সড়কের প্রায় ২৫০ মিটার পড়েছে ভাঙনের মুখে। সড়ক ছাড়াও যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর, চাঁপাতলা, চাঁপাতলা পূর্বপাড়া ও বারুইপাড়া ইউনিয়নের লাউপালা গ্রামের বসতবাড়ি, বাগানসহ বিস্তীর্ণ এলাকা নদে হারিয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকায় চরম আতঙ্কে আছে এসব এলাকার মানুষ।
গতকাল রোববার এসব এলাকা ঘুরে এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কয়েক বছর ধরে এ এলাকায় নদের ভাঙন চলছে। সাত-আট বছর ধরে বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতা বেড়েছে, কিন্তু ভাঙন রোধে স্থায়ী কোনো উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
চাঁপাতলা পূর্বপাড়ার গ্রামের বাসিন্দা আবদুল মালেক বলেন, ভৈরবের ভাঙনে তাঁর ঘরবাড়ি, কবরস্থান—সবই গেছে। এখন রাস্তার পাশে থাকেন। সেখানেও ভাঙন দেখা দিয়েছে। এই ঘরও যেকোনো সময় নদে হারিয়ে যেতে পারে।
চাঁপাতলা গ্রামের আব্দুস সালাম হাওলাদার বলেন, প্রতিবছর বর্ষা এলেই ভাঙছে। সড়কের অর্ধেক ভেঙে যাওয়ায় গত সপ্তাহে তিন দিন এই সড়কে যান চলাচল বন্ধ ছিল।
রহিমাবাদ গ্রামের মোটরশ্রমিক মো. আবদুল্লাহ শেখ বলেন, এ সড়কপথে মাহেন্দ্র, ইজিবাইক, পিকআপ, ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহন ঢাকাসহ বিভিন্ন এলাকায় চলাচল করে।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মতিন বলেন, পাউবো এটিকে (ভাঙন) ব্যবসা হিসেবে নিয়েছে। বর্ষা এলে প্রতিবছর কিছু বালুর বস্তা ফেলে ও গাছ দিয়ে ভাঙন রোধ করার চেষ্টা করে। এভাবে ভাঙন রোধ সম্ভব নয়। স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা দরকার।
পাউবোর বাগেরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী খুশী মোহন সরকার বলেন, যাত্রাপুরের কাছে যে সড়কটি ভাঙছে, এটি মূলত সড়ক বিভাগের। ভৈরব নদের ভাঙনকবলিত ওই এলাকায় পাউবোর কোনো বেড়িবাঁধ বা স্থায়ী প্রকল্প নেই। তবু এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের দাবির পরিপ্রেক্ষিতে তারা অস্থায়ীভাবে ভাঙন রোধে কাজ করছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বাগেরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান বলেন, যাত্রাপুর বাজারের আগে ভাঙনের কারণে সড়কটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে ভাঙন প্রতিরোধ ও নদশাসন পাউবোর কাজ। তারাই এ বিষয়ে অভিজ্ঞ। এই কাজ তারাই করবে। তিনি আরও বলেন, ‘ওই এলাকার রাস্তা যদি পুরো ভেঙে যায়, আমরা তাহলে পাশ দিয়ে আবার নতুন করে রাস্তা করে দেব। তবে নদভাঙন প্রতিরোধের কাজটি পাউবোকেই করতে হবে। এখানে একটি প্রতিরক্ষা বাঁধ না করলে রাস্তা নয়, পুরো জনপদ নদের গর্ভে বিলীন হয়ে যাবে।’