২৬টি সেবা সংস্থার প্রধানদের নিয়ে ডিএসসিসির সমন্বয় সভা
পুরান ঢাকা থেকে কেমিক্যাল কারখানা সরানোর নির্দেশ
পুরান ঢাকা থেকে সব ধরনের কেমিক্যাল কারখানা সরানো ও সায়েদাবাদের অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল বুধবার দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে ২৬টি সেবা সংস্থার প্রধানদের নিয়ে এক সমন্বয় সভায় এ নির্দেশ দেন তিনি।
সভায় সাঈদ খোকন কেমিক্যাল কারখানা উচ্ছেদের জন্য ফায়ার সার্ভিস, ডিএসসিসি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নেতৃত্বে একটি কমিটি গঠন করে দেন। এই কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে এসব কার্যক্রম শুরু করার নির্দেশ দেন। এ ছাড়া তিনি রাজধানীর খাল ও জলাধার দখলমুক্ত করতে ঢাকা জেলা প্রশাসনকে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে কার্যক্রম শুরু করতে নির্দেশ দেন। এতে সার্বিকভাবে সহযোগিতা করবে ঢাকা ওয়াসা। সায়েদাবাদে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে অবৈধ ট্রাকস্ট্যান্ডের বিষয়ে এক প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, ‘ফ্লাইওভারের নিচে ট্রাক না রাখতে মালিক সমিতির নেতাদের ডেকে বারবার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তাঁরা ফ্লাইওভারের নিচের পিলারগুলো ঘেঁষে যত্রতত্র ট্রাক রাখছেন। এখন উচ্ছেদ ছাড়া আর কোনো বিকল্প নেই।’ এ সময় এই ফ্লাইওভারের নিচের অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদের জন্য ডিএমপির একজন যুগ্ম কমিশনারের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। এই কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে স্ট্যান্ডটি উচ্ছেদ করবে।
সভায় উপস্থিত ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান বলেন, মেয়রের নির্দেশনা অনুযায়ী স্ট্যান্ডটি উচ্ছেদ করা হবে। তবে স্থায়ীভাবে দখলমুক্ত রাখতে পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থারও সহযোগিতা প্রয়োজন হবে।
সভায় রাজধানীর বক্স কালভার্ট পরিষ্কার করার বিষয়ে ঢাকা ওয়াসা, ডিএসসিসি ও ঢাকা জেলা প্রশাসনের প্রতিনিধিদের সমন্বয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে বিস্তারিত আলোচনা করে সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন সাঈদ খোকন। এ সময় তিনি রাজউক, ওয়াসা, ডিপিডিসি, তিতাস, বিভাগীয় কমিশনার অফিস, স্থাপত্য অধিদপ্তর, বিটিসিএল, এলজিইডিসহ অন্যান্য সেবা সংস্থাকে সড়ক খোঁড়াখুঁড়ি-সংক্রান্ত ছয় মাসের তথ্য একত্রে জমা দিতে বলেন৷