পুরান ঢাকা থেকে বিপজ্জনক রাসায়নিক দাহ্য পদার্থের গুদাম অপসারণ করে নিরাপদ এলাকায় রাসায়নিক পল্লি প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন রাজনীতিবিদ ও পরিবেশ আন্দোলনের কর্মীরা৷
নিমতলী অগ্নিকাণ্ডের চার বছর পূর্তিতে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে নিমতলী ছাতা মসজিদের সামনে নাগরিক সমাবেশ ও মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়৷ সিটিজেনস রাইটস মুভমেন্ট, পরিবেশসম্মত বাসযোগ্য ঢাকা বাস্তবায়ন পরিষদ, ইনিশিয়েটিভ ফর পিস, গ্রিন ক্লাব অব বাংলাদেশ ও নবাব কাটরা সমাজকল্যাণ সংগঠন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে৷
নিমতলী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কয়েকজন মানববন্ধনে যোগ দেন৷ তাঁরা রাসায়নিক গুদাম সরানোর পাশাপাশি অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে পুনর্বাসন করতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সুষ্ঠু বণ্টন দাবি করেন৷
পরিবেশসম্মত বাসযোগ্য ঢাকা বাস্তবায়ন পরিষদের সদস্যসচিব মোহাম্মদ শহীদের সভাপতিত্বে সমাবেশে লিখিত বক্তব্য দেন সিটিজেনস রাইটস মুভমেন্টের মহাসচিব তুসার রেহমান৷ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা মনজুরুল আহসান খান বলেন, দেশে এখন স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নেই৷ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের উদাসীনতা ও দায়িত্বহীনতা এবং দাহ্য পদার্থের ব্যবসায়ীদের অসচেতনতার কারণে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে৷
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সাংসদ হািজ সেলিম৷
দিবসটি উপলক্ষে স্থানীয়রা কালো ব্যাজ ধারণ করেন৷ এলাকার দোকানপাট সব বন্ধ ছিল৷ শোকের স্লোগান লেখা নানা পোস্টার-ব্যানারে ঢাকা ছিল পুরো এলাকা৷ অগ্নিকাণ্ডের পর যাঁরা নিমতলী ছেড়ে অন্যত্র বসবাস করছেন, তাঁদেরও বেশ কয়েকজন অন্যদের সঙ্গে দেখা করতে আসেন৷