পুরান ঢাকা দেখতে গিয়ে বিদেশি আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরান থেকে ঢাকায় এসেছেন এক দম্পতি। পুরান ঢাকা ঘুরে দেখতে গতকাল মঙ্গলবার গিয়েছিলেন ওই এলাকায়। কিন্তু ফেরার পথে রিকশা থেকে পড়ে দুজনই আহত হয়েছেন। আহত এই দম্পতি হলেন সাহরাম ও আজিথা।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, পর্যটক ভিসায় আসা এই দম্পতি গুলশানে থাকেন। পুরান ঢাকা দেখতে গতকাল তাঁরা সদরঘাট এলাকায় যান। রিকশায় করে তাঁরা ফিরছিলেন। বেলা একটার দিকে তাঁদের বহন করা রিকশাটি বংশাল এলাকার আলুবাজার এলাকায় এলে পেছন থেকে আরেকটি রিকশা তাঁদের রিকশায় ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তায় পড়ে আহত হন। সাহরামের বাঁ পায়ের হাঁটুর চামড়া ছিলে গেছে এবং তাঁর স্ত্রী কোমর ও হাতে ব্যথা পেয়েছেন। তিনি বলেন, রিকশাচালকই তাঁদের হাসপাতালে নিয়ে এসেছেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে দুজনই হাসপাতাল থেকে চলে গেছেন।