পুরান ঢাকাকে সংরক্ষিত নগর ঘোষণার দাবি
পুরান ঢাকাকে অবিলম্বে ঐতিহ্যবাহী ও সংরক্ষিত নগর ঘোষণার দাবি জানিয়েছে আরবান স্টাডি গ্রুপ নামের একটি সংগঠন। গতকাল শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা এ দাবি করেন। কর্মকর্তারা বলেন, পুরান ঢাকার অনেক ঐতিহাসিক ভবন ধ্বংসের কারণে তাঁরা এমন দাবি তুলছেনে।সংবাদ সম্মেলনে অসামঞ্জস্যপূর্ণ ভূমি ব্যবহার থেকে পুরান ঢাকাকে রক্ষা এবং ঢাকা মহানগরের মূল পরিকল্পনায় পুরান ঢাকাকে ঐতিহাসিক এলাকা হিসেবে অন্তর্ভুক্ত করে উপযুক্ত নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, কথিত উন্নয়ন এবং আধুনিকায়নের নামে একশ্রেণীর মুনাফালোভী পুরান ঢাকার ঐতিহ্যকে ধ্বংস করছে।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নগরের ৯৩টি ইমারত ও ১৩টি সড়ক বা লেনকে ঐতিহ্যবাহী এলাকা হিসেবে চিহ্নিত করে গেজেট প্রকাশ করা হয়। কিন্তু দুঃখজনক হচ্ছে, সংরক্ষিত স্থাপনাগুলো রক্ষায় এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বড় কাটরার বিশাল অংশ ধ্বংস করে মাদ্রাসার ছাত্রদের জন্য হাম্মামখানা নির্মাণ করা হয়েছে। প্যারীদাস রোডের ৩৩ নম্বর বাড়ি ভেঙে ফেলা হয়েছে।সংবাদ সম্মেলনে আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী তাইমুর ইসলাম মূল বিষয় উপস্থাপন করেন। সমন্বয়ক ছিলেন স্থপতি হুমায়রনা ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থপতি সামিরা ইসলাম।