পুরান ঢাকায় অসময়ে অস্বাভাবিক গ্যাস-সংকট

গেন্ডারিয়ার এস কে দাস রোডের বাসিন্দা পরাগ মজুমদার দুপুরের খাবার সংগ্রহের জন্য যাচ্ছিলেন শ্রীশ দাস লেনের বিউটি বোর্ডিংয়ে। কারণ, রান্না করার জন্য বাসায় গ্যাসের চুলা জ্বলছে না। হতাশা আর বিরক্তি মেশানো কণ্ঠে তিনি বললেন, ‘আগে শীত মৌসুমে গ্যাস থাকত না। এখন সময়-অসময় বলে কিছু নেই। গ্যাস না থাকাটাই রেওয়াজে পরিণত হয়েছে।’
গতকাল শনিবার দুপুরে গিয়ে দেখা যায়, পরাগ মজুমদারের মতো বিরক্ত গেন্ডারিয়ার আরও অনেকে। বেশির ভাগ বাড়িতেই খুব সকাল থেকে বিকেল পর্যন্ত গ্যাস থাকে না। কোনো কোনো বাড়িতে রাতেও চুলায় আঁচ কম থাকে। একই অবস্থা রাজার দেউড়ি, তাঁতীবাজার ও আশপাশের এলাকাতেও। সবারই এক প্রশ্ন—এই অবস্থা আর কত দিন চলবে?
গেন্ডারিয়ায় গিয়ে জানা যায়, লোহার পুল থেকে কাঠের পুল পর্যন্ত ভেতরের পুরো এলাকাজুড়ে গ্যাসের সমস্যা চলছে। এস কে দাস রোডের বাসিন্দা খাবারের সন্ধানে যেমন যাচ্ছেন বিউটি বোর্ডিংয়ে, তেমনি বানিয়ানগর, তনুগঞ্জ, ঠাকুর দাস লেন ও আশপাশের এলাকার বাসিন্দাদের কোনো না কোনোভাবে খাবারের ব্যবস্থা করতে হচ্ছে। ধূপখোলা, বাগিচা—এসব এলাকার বাসিন্দারা গ্যাস-সমস্যাজনিত ভোগান্তিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন বলে জানান। বাগিচার কাঠ ব্যবসায়ী আমীর হোসেন বলেন, বাসায় রান্না হয় না বলে দুপুরে খেতে যান না। পাউরুটি দিয়ে খিদে মেটান। তাঁর বক্তব্য, গাসের বিল দিতে দেরি হলে নোটিশের পর নোটিশ আসে। অথচ বছরের অর্ধেকেরও বেশি সময় এলাকায় গ্যাস থাকে না।
তাঁতীবাজারের পেছন দিককার রাধিকা মোহন বসাক লেন ও পচা গলিতে রাস্তার পাশের খাবার হোটেলগুলোয় তিতাসের গ্যাসলাইন থাকার পরও সিলিন্ডার ব্যবহৃত হচ্ছে। হাজি বাবুল হোটেল, সবুজ বাংলা হোটেলসহ অন্তত নয়টি হোটেলে সিলিন্ডারের ব্যবহার দেখা যায়। এসব হোটেলে ভাত, পরোটা, ডাল, মাছ, মাংস, ডিম, সুপ—সবই পাওয়া যায়। এলাকার বাসাবাড়ির বাসিন্দারা হোটেলে বসে খাওয়ার চেয়ে পার্সেল করেই খাবার নিয়ে যায় বেশি।
এসব এলাকার যাঁরা মোটামুটি সচ্ছল, তাঁরা বিকল্প হিসেবে রাইসকুকার, ইলেকট্রিক হিটার ব্যবহার করে গ্যাস-সমস্যা মোকাবিলার চেষ্টা করছেন বলে জানান। তবে এর জন্য গুনতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিল।
রাজার দেউড়ির কয়েকজন বাসিন্দা তিতাসের লোকজনের বরাত দিয়ে বলেন, গ্যাস নেই কেন জানতে গেলে তিতাসের লোকজন নানান তাত্ত্বিক কথাবার্তা শোনান। কখনো বলেন স্বল্পচাপজনিত সমস্যা, কখনো কারিগরি সমস্যা, কখনো বা সরবরাহ লাইনের রেগুলেটরের দোষ। ওই বাসিন্দারা বলেন, সূত্রাপুর, কোতোয়ালি, গেন্ডারিয়া, ওয়ারী থানা এলাকায় গ্যাসের পাইপলাইন সংস্কারের জন্য রীতিমতো ঘোষণা দিয়ে গত শীতে টানা চার দিন সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। কিন্তু তাঁরা তেমন সুফল পাননি। এখন গ্যাস-সমস্যার প্রকৃত কারণ কী, তাঁরা জানতে পারছেন না।
তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মশিউর রহমানের কাছে গতকাল শনিবার বিষয়টি জানতে চাওয়া হয়। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমাদের উজানে গ্যাস সরবরাহ কম হচ্ছে। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি সরবরাহ বাড়ালেই সমস্যার সমাধান হবে। ঢাকায় গ্যাসের চাহিদা প্রতিদিন ১ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। কিন্তু ঘাটতি থাকছে ১০০ মিলিয়ন ঘনফুটেরও বেশি। কবে নাগাদ গ্যাস-সমস্যার সমাধান হবে জানতে চাইলে এমডি বলেন, সরবরাহ বাড়ানোর কাজ চলছে। তবে ঠিক কবে সমাধান হবে, তা এখনই বলা যাচ্ছে না।