পুরান ঢাকায় ছাত্রদলের হামলা, ব্যবসায়ীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকার পাটুয়াটুলীর একটি দোকানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের শিক্ষার্থীরা মারধর ও ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘড়ির দাম নিয়ে কথা-কাটাকাটির জের ধরে ছাত্রদলের কর্মীরা দোকানে ভাঙচুর চালান বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন।

আজ সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এর  প্রতিবাদে ব্যবসায়ীরা সদরঘাট ওভারব্রিজের নিচে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত বিক্ষোভ করেন। তাঁরা রাস্তায় আগুন জ্বেলে বিক্ষোভ করেন। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হামলার চেষ্টা করেন। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীদের অভিযোগ, দুপুর ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের ৮ থেকে ১০ জন কর্মী পাটুয়াটুলীর ভাগ্যকুল এন্টারপ্রাইজ নামের একটি ঘড়ির দোকানে ঘড়ি কিনতে যান। এ সময় ঘড়ির দাম নিয়ে দোকানদারের সঙ্গে তাঁদের বাগবিতণ্ডা হয়। তাঁরা দোকানের মালিক মনিরুজ্জামান ও তাঁর এক কর্মচারীকে মারধর করেন। এর কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২০-২৫ জন নেতা-কর্মী গিয়ে দোকানটিতে ভাঙচুর চালান।

এ ঘটনার প্রতিবাদে দুপুর সাড়ে ১২টার দিকে পাটুয়াটুলীর সব ঘড়ি ও চশমার দোকানের ব্যবসায়ীরা  দোকান বন্ধ করে সদরঘাট ওভারব্রিজের নিচে অবস্থান নেন। এতে বেলা দুইটা পর্যন্ত ওই পথে সব যান চলাচল বন্ধ থাকে। একপর্যায়ে সেখান থেকে ব্যবসায়ীরা লাঠিসোটা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ফটকের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের লাঠিপেটা করে। বেলা দুইটার দিকে বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নাসিরউদ্দিন মাইকে ঘোষণা দিয়ে বলেন, তাঁরা সেখানে অবস্থান না করে দোকান বন্ধ রেখে তার সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পেছনের ফটক (ইসলামপুর) বন্ধ রাখার দাবি জানান তাঁরা। এ ঘোষণার পরে ব্যবসায়ীরা ওই স্থান থেকে চলে যান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা বলেন, আদৌ এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জড়িত কি না, তা তাঁরা সঠিকভাবে জানেন না। তবে সন্দেহভাজন একজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সজল আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, ওই ঘটনার সঙ্গে ছাত্রদলের কেউ জড়িত নয়।