পুরান ঢাকায় নতুন সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার গেন্ডারিয়া ডিস্টিলারি রোডে আধুনিক চিকিৎসাসেবা ও যন্ত্রপাতি নিয়ে এ বছরের মার্চ থেকে যাত্রা শুরু করেছে আজগর আলী হাসপাতাল l ছবি: প্রথম আলো
পুরান ঢাকার গেন্ডারিয়া ডিস্টিলারি রোডে আধুনিক চিকিৎসাসেবা ও যন্ত্রপাতি নিয়ে এ বছরের মার্চ থেকে যাত্রা শুরু করেছে আজগর আলী হাসপাতাল l ছবি: প্রথম আলো

মাহফুজা আফরোজ পেশায় চিকিৎসক। মায়ের বাড়ি পুরান ঢাকার টিকাটুলী। সন্তান প্রসবের সময় তাই বাড়ির কাছের আলী আজগর হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি মাসের ১৮ তারিখে তাঁর কোলজুড়ে এসেছে কন্যাশিশু। তিনি বললেন, ‘একটা স্ট্যান্ডার্ড হাসপাতালে যে ধরনের সুযোগ-সুবিধা থাকা দরকার, এখানে তার সবই আছে। ডায়টেশিয়ানের সুবিধা আছে, যা সব জায়গায় পাওয়া যায় না। পুরান ঢাকায় এমন একটা হাসপাতালের দরকার ছিল।’
পুরান ঢাকার গেন্ডারিয়া ডিস্টিলারি রোডে আধুনিক চিকিৎসাসেবা ও যন্ত্রপাতি নিয়ে এ বছরের মার্চে যাত্রা শুরু করেছে আজগর আলী হাসপাতাল। হাতের কাছে আধুনিক সেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা তাঁদের স্বস্তির কথা বললেন। বহির্বিভাগের (আউটার পেশেন্ট ডিপার্টমেন্ট-ওপিডি) রোগী গেন্ডারিয়ার অধিবাসী শারমিন আক্তার বললেন, ‘এখন আর দূরে যাইতে হয় না। এখানে আসতে পারতেছি। আগে তো মিটফোর্ড যাইতে হইত। আর ওইখানের ব্যবস্থাও তো এত উন্নত না।’
নতুন হাসপাতালের ব্যবস্থাপনায়ও নতুনত্ব চোখে পড়ে। হাসপাতালে ঢোকার দরজায় একজন নারী কর্মী রোগীদের হাসিমুখে অভ্যর্থনা জানাচ্ছেন। কে কী ধরনের সেবা নিতে এসেছেন, জেনে নিয়ে পৌঁছে দিচ্ছেন নির্দিষ্ট বিভাগে।

হাসপাতালে প্রথমবার সেবা নিতে আসা প্রত্যককেই শুরুতে নিবন্ধন কার্ড করে নিতে হয়। এ বিষয়ে মহাব্যবস্থাপক কবির উদ্দিন বললেন, ‘নিবন্ধনের মাধ্যমে প্রত্যেক রোগীকে একটি বিশেষ নম্বর দেওয়া হয়। সেই নম্বর ধরে ডেটাবেইসে তাদের ব্যবস্থাপত্র, পরীক্ষার রিপোর্ট জমা থাকে। চিকিৎসক দেখানোর সময় তাই প্রতিবার কাগজপত্র নিয়ে আসার প্রয়োজন পড়ে না।’

আজগর আলী হাসপাতালটি সিটি গ্রুপের একটি প্রতিষ্ঠান। পুরান ঢাকায় এই আধুনিক হাসপাতাল চালু করার বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক (চিকিৎসাসেবা) অধ্যাপক জাবরুল এস এম হক বলেন, ‘সিটি গ্রুপের চেয়ারম্যান নিজেও এই এলাকার বাসিন্দা। এখানে উন্নত চিকিৎসাসেবার সংকট ছিল। এলাকার প্রতি দায়িত্ববোধ থেকেই তিনি এখানে হাসপাতালটি করেছেন।’

বেসরকারি হাসপাতালে ১০ শতাংশ রোগীকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়ার নিয়ম রয়েছে। আজগর আলী হাসপাতালে ১০ শতাংশের বেশি রোগী বিনা মূল্যে সেবা পাচ্ছে বলে কর্তৃপক্ষ জানায়। গরিব রোগীদের বিনা মূল্যে সেবা দিতে জুন মাসে ১ লাখ টাকার একটি ফান্ড গঠন করা হয়েছে। এ ছাড়া সম্প্রতি একজন রোগীকে স্পাইনাল কর্ডের ব্যয়বহুল অস্ত্রোপচারের সেবাও বিনা মূল্যে দেওয়া হয়েছে। মালিকপক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে, দরিদ্র রোগী এলে তাদের সেবা না দিয়ে ফেরত পাঠানো যাবে না।

৩০০ শয্যার এ হাসপাতালটিতে পুরান ঢাকার গর্ভবতী মায়েদের চিকিৎসায় বিশেষ মূল্যছাড় দেওয়া হয়। এ ছাড়া সব সেবাতেই অন্যান্য বেসরকারি হাসপাতালের চেয়ে ২০ থেকে ২৫ শতাংশ কম মূল্য রাখা হয়। কর্তৃপক্ষ জানায়, শিগগিরই তারা আজগর আলী হেলথ ক্লাব চালু করতে যাচ্ছে, যেখানে সদস্য হওয়ার মাধ্যমে এলাকার বাসিন্দারা স্বল্প মূল্যে চিকিৎসা ও শরীরচর্চার সুযোগ পাবে।