
রাজধানীর পুরান ঢাকার কলতাবাজার এলাকায় গতকাল শুক্রবার সকালে রঘুনাথ ঘোষ লেনে নির্মাণাধীন একটি চারতলা ভবন ধসে পড়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
অনুমোদন ছাড়াই বাড়ি নির্মাণের অভিযোগে ধসে পড়া বাড়ির মালিক তৌহিদ উদ্দিনকে আসামি করে গতকাল সন্ধ্যায় মামলা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
ধসে পড়া বাড়ির আশপাশের বাসিন্দারা জানান, গতকাল সকাল ছয়টার পর বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। এ সময় আতঙ্কও ছড়িয়ে পড়ে। দ্রুত তাঁরা বাসা থেকে বেরিয়ে দেখেন, ৭ রঘুনাথ ঘোষ লেনের নির্মাণাধীন চারতলা ভবনটি ধসে পড়েছে।
স্থানীয় বাসিন্দা রাকিব উদ্দিন বলেন, বেশ কিছুদিন ধরে এক কাঠার মতো জমিতে তৌহিদ নিজস্ব ব্যবস্থাপনায় ভবনের নির্মাণকাজ করছিলেন। দুই দিন আগে চারতলার ছাদে ঢালাই দেওয়া হয়। এরপর ওই বাড়ির নির্মাণকাজ বন্ধ ছিল।
সরেজমিনে দেখা যায়, চারতলা ভবনটি পশ্চিম দিক বরাবর ধসে পড়েছে। ওই বাড়ির পশ্চিম পাশে একটি পাঁচতলা বাড়ি। দক্ষিণে দোতলা ও উত্তরে চারতলা বাড়ি রয়েছে। স্থানীয় লোকজন জানান, ভবনটি ধসে আরেকটি বাড়ির ওপর পড়লে অনেক প্রাণহানি ঘটতে পারত।
বাড়ির মালিক তৌহিদ উদ্দিন অন্যত্র থাকেন। এলাকায় গিয়ে তাঁকে পাওয়া যায়নি। যোগাযোগ করা হলে তিনি জানান, এক কাঠা জমিতে তিনি চারতলা বাড়ি নির্মাণ করছিলেন। বাড়ি নির্মাণের জন্য চেষ্টা করেও রাজউকের অনুমোদন পাননি বলে দাবি করেন তিনি।
পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মো. ইলিয়াছ শরীফ প্রথম আলোকে বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন না নিয়েই তৌহিদ উদ্দিন বাড়িটির নির্মাণকাজ শুরু করেন। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় বাড়িটি নাজুক ছিল।
গতকাল সন্ধ্যায় যোগাযোগ করা হলে সূত্রাপুর থানার কর্তব্যরত উপপরিদর্শক পলাশ চন্দ্র সরকার বলেন, সন্ধ্যায় রাজউকের অথরাইজড কর্মকর্তা এ জে এম শফিউল হান্নান বাদী হয়ে মামলা করেন। এতে বলা হয়, ১৯৫২ সালের ইমারত আইন ভঙ্গ করে তৌহিদ উদ্দিন বাড়ি নির্মাণ করে আসছিলেন। অনুমোদন না নিয়ে বাড়ি নির্মাণের কারণে আবাসিক এলাকায় প্রাণহানিও ঘটতে পারত।
শফিউল হান্নান জানান, বাড়ির মালিক রাজউকের অনুমোদন নেননি। এ ছাড়া তিনি নির্মাণবিধি মানেননি। নির্মাণকালে কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা নেননি।