পুরান ঢাকায় পুলিশের সঙ্গে শিবিরের পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার রাজধানীর পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল ও সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে পুরান ঢাকার বাংলাবাজার মোড় এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ব্যানারে ১০-১৫ জন নেতা-কর্মী একটি বিক্ষোভ মিছিল মিছিল বের করেন। মিছিলটি লালকুঠি এলাকায় যাওয়ার সময় পুলিশ তাঁদের ধাওয়া করে। পরে শিবিরের কর্মীরা চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এদিকে সকাল ১০টার দিকে পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের কর্মীরা। মিছিলটি নারিন্দা এলাকায় যাওয়ার সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে শিবিরের কর্মীরা সড়কে আগুন জ্বালানোর পর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, বাংলাবাজার এলাকায় ককটেলের বিস্ফোরণের ঘটেনি। আর ধোলাইখাল এলাকায় দুটি ককটেলের বিস্ফোরণ হয়েছে বলে দাবি করেন তিনি।