পুরান ঢাকায় ফল ব্যবসায়ীদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরমালিনবিরোধী অভিযান
ফরমালিনবিরোধী অভিযান

ফল ব্যবসায়ীদের হয়রানি ও ফরমালিন পরীক্ষায় ভুল যন্ত্রের ব্যবহার বন্ধের দাবিতে আজ শনিবার ভোর চারটা থেকে পুরান ঢাকায় ধর্মঘট পালন করছেন ফল ব্যবসায়ীরা। এতে ছোট-বড় সব ধরনের ফলের দোকান বন্ধ রাখা হয়েছে।
ঢাকা মহানগর ফল আমদানি-রপ্তানিকারক ও আড়তদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির আহ্বানে এ ধর্মঘট পালন করছেন ফল ব্যবসায়ীরা।
সমিতির কোষাধ্যক্ষ মো. আল আমিন প্রথম আলোকে বলেন, ‘আজ সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত ধর্মঘট চলবে। আমাদের সমিতির আওতায় ৫৮০ জন সদস্যের ছোট-বড় সহস্রাধিক ফলের দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করা হচ্ছে।’
পুরান ঢাকার লিপি এন্টারপ্রাইজের মালিক আনোয়ার হোসেন বলেন, ‘১২ জুন থেকে আজ পর্যন্ত আমার প্রতিষ্ঠানের প্রায় এক কোটি টাকার ফলের ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসন একটি ভুল যন্ত্রের মাধ্যমে ফরমালিন পরীক্ষা করে ফল নষ্ট করে ব্যবসায়ীদের ক্ষতি করছে। প্রশাসনের কাছে আমাদের দাবি, সঠিক যন্ত্রের মাধ্যমে ফরমালিন পরীক্ষা করা হোক। এতে ভোক্তা ও ব্যবসায়ী সবার উপকার হবে।’
চাঁপাইনবাবগঞ্জে আম ব্যবসায়ীদের ধর্মঘট স্থগিত
চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, আমে ফরমালিন পরীক্ষার নামে হয়রানি ও চাঁদাবাজি বন্ধে চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ীদের ডাকা হরতালসহ অন্যান্য কর্মসূচি আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।
আজ শনিবার সকালে আম ব্যবসায়ীদের বৈঠক শেষে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল ওয়াহেদ এ তথ্য জানান।

গতকাল শুক্রবার রাতে চেম্বার সভাপতিসহ আম ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী ও পুলিশ সুপার বশির আহম্মদ। বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রশাসন, পুলিশ ও ব্যবসায়ীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে সেই কমিটির উপস্থিতিতে আমের ট্রাকে ফরমালিন পরীক্ষা করে প্রত্যয়নপত্র দেওয়া হবে। এরপর ওই ট্রাকে আর কোথাও ফরমালিন পরীক্ষা করা হবে না। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের নির্দিষ্ট আড়তে আম পৌঁছার পর প্রয়োজনে আবারও তা পরীক্ষা করা যাবে। তবে ল্যাবরেটরিতে চূড়ান্ত পরীক্ষার আগে কোন আম ধ্বংস করা হবে না।

আবদুল ওয়াহেদ প্রথম আলোকে বলেন, প্রশাসনের এমন সিদ্ধান্তের পর আম ব্যবসায়ীরা তাঁদের কর্মসূচি প্রত্যাহার করেছেন।