পুরান ঢাকায় বিতর্ক উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল বেলুন উড়িয়ে ফার্ম ফ্রেশ-বন্ধুসভা বিতর্ক উত্সবের উদ্বোধন হয় ষ প্রথম আলো
বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল বেলুন উড়িয়ে ফার্ম ফ্রেশ-বন্ধুসভা বিতর্ক উত্সবের উদ্বোধন হয় ষ প্রথম আলো

‘যুক্তির ঝলকে মঙ্গল আলোকে’ স্লোগান নিয় শুরু হয়েছে ফার্ম ফ্রেশ-বন্ধুসভা বিতর্ক উৎসব-২০১৩। বিতর্কের প্রথম ও দ্বিতীয় পর্ব গতকাল শুক্রবার রাজধানীর বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে পুরান ঢাকার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। আজ শনিবার বিতর্কের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
গতকালের বিতর্কে জয়লাভ করেছে গেন্ডারিয়া হাই স্কুল, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ (আজিমপুর শাখা), রহমতউল্লা মডেল হাই স্কুল, সেন্ট গ্রেগরীজ হাই স্কুল, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাই স্কুল, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ ও বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিতর্কের বিষয়গুলো ছিল ‘প্রচলিত শিক্ষাব্যবস্থার কারণেই শিক্ষার্থীরা কোচিং-নির্ভর হচ্ছে’, ‘যে স্কুলে মাঠ নেই, সেখানে স্বাস্থ্য নেই’ ও ‘নেতা নয়, ভালো মানুষই পারে পৃথিবীকে বদলে দিতে’।
উদ্বোধনী অনুষ্ঠানে কথাসাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, কথায় যুক্তি না থাকলে সমাজে তা গ্রহণযোগ্যতা পায় না। তাই শিক্ষার্থীদের যুক্তি দিয়ে কথা বলতে জানতে হবে। সেই সঙ্গে বিতর্কের ভাষা বিষয়েও শিক্ষার্থীদের জ্ঞান থাকা দরকার।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, মানুষ কথা বলার সময় আটকে যায়। আবার অনেকেই যুক্তি দিয়ে কথা বলতে পারে না। তাই এসব সমস্যা দূর করতে একে অপরের সঙ্গে যুক্তি দিয়ে বিতর্কের চর্চা করতে হবে। কারণ, বিতর্কই পারে এসব সমস্যার সমাধান করতে।
উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা জাহান। অনুষ্ঠানে পুরান ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পুরান ঢাকার শিক্ষার্থীদের মধ্যে বিতর্কের চর্চা বাড়াতে ১৭ থেকে ৩০ আগস্ট ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রথম পর্বে বিতর্কবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। পরে স্কুলগুলোকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয় দ্বিতীয় পর্বের বিশেষ প্রশিক্ষণ। এর আগে গত ১৩ জুলাই বিভিন্ন স্কুলের মডারেটরদেরও বিতর্ক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।