পুরান ঢাকায় ব্যবসায়ী-ছাত্রদল সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার সদরঘাট পদচারী সেতুর নিচের সড়কে গতকাল দুপুরে ব্যবসায়ীদের বিক্ষোভ। ঘড়ি কিনতে গিয়ে দামদর নিয়ে কথা-কাটাকাটির জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মীদের মারধরের প্রতিবাদে রাস্তায় নামেন তাঁরা ষ প্রথম আলো
পুরান ঢাকার সদরঘাট পদচারী সেতুর নিচের সড়কে গতকাল দুপুরে ব্যবসায়ীদের বিক্ষোভ। ঘড়ি কিনতে গিয়ে দামদর নিয়ে কথা-কাটাকাটির জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মীদের মারধরের প্রতিবাদে রাস্তায় নামেন তাঁরা ষ প্রথম আলো

পুরান ঢাকার পাটুয়াটুলীর ব্যবসায়ীদের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মীদের সংঘর্ষে দলটির দুই কর্মীসহ তিনজন সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় ছাত্রদলের কর্মী সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ফটকে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ীদের অভিযোগ, ঘড়ির দাম নিয়ে কথা-কাটাকাটির জের ধরে তাঁদের ওপর হামলা চালিয়েছেন ছাত্ররা। তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনায় তাঁদের কোনো কর্মী জড়িত নন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রদলের চার থেকে পাঁচজন কর্মী পাটুয়াটুলীতে ‘ভাগ্যকুল এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানে ঘড়ি কিনতে যান। ঘড়ির দাম নিয়ে দোকানের মালিক মনিরুজ্জামানের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মনিরুজ্জামানকে মারধর ও দোকানের কয়েকটি কাচ ভাঙচুর করেন তাঁরা। পরে এ ঘটনার প্রতিবাদে পাটুয়াটুলী, ইসলামপুর ও সদরঘাট এলাকার ব্যবসায়ীরা দোকান বন্ধ করে মিছিল ও দেশীয় অস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের দিকে আসতে থাকেন। এ সময় পুলিশ বাধা দিলে মিছিল থেকে বিশ্ববিদ্যালয়ের ‘নতুন ভবন’ লক্ষ্য করে চার থেকে পাঁচটি গুলি ছোড়েন এবং দক্ষিণ ফটকের সামনে থাকা তিনটি লেগুনা ভাঙচুর করেন ব্যবসায়ীরা। এর মধ্যে দুটি গুলি নতুন ভবনের চতুর্থ তলায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কম্পিউটার ল্যাবের কাচ ভেঙে ভেতরে যায়। এ সময় ওই ল্যাবে বিভাগের দ্বিতীয় ব্যাচের ‘জেন্ডার ডেভেলপমেন্ট’ কোর্সের ক্লাস চলছিল। তবে এতে কেউ হতাহত হননি। পরে ব্যবসায়ীরা টায়ারে আগুন জ্বালিয়ে দুপুর ১২টা থেকে দুইটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। এতে ওই এলাকার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এ ছাড়া ঢাকা কলেজিয়েট স্কুল ও বাংলাবাজার বালিকা উচ্চবিদ্যালয়ে ছুটি হলেও অবরোধের কারণে স্কুল থেকে বের হতে পারেনি শিক্ষার্থীরা। পরে বেলা দুইটার দিকে বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাসির উদ্দিন নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে অবরোধ তুলে নেন। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পেছনের ফটক (পাটুয়াটুলী এলাকায়) বন্ধ রাখার দাবি জানান তাঁরা।
ঘড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, যাঁরা ঘড়ি কিনতে এসেছিলেন, তাঁরা নিজেদের ছাত্রদলের কর্মী পরিচয় দেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক বর্ণনা ভৌমিক বলেন, সংঘর্ষের সময় তিনি বিভাগের ল্যাবে ক্লাস নিচ্ছিলেন। এ সময় কয়েকটি গুলি ল্যাব কক্ষের কাচে লেগে বিকট শব্দ হয়। পরে ভয়ে শিক্ষার্থীরা ক্লাস থেকে চলে যান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা এ বিষয়ে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র জড়িত কি না, তা তিনি জানেন না।
বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন লক্ষ্য করে ব্যবসায়ীদের গুলির বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, ব্যবসায়ীদের কাউকে গুলি করতে দেখেননি তিনি। আর এ ঘটনায় এক ছাত্রকে আটক করা হয়েছে।