পুরান ঢাকায় ব্যবসায়ীর বাসায় চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকায় আজ শুক্রবার সন্ধ্যায় এক ব্যবসায়ীর বাসায় চুরি হয়েছে। চোরেরা ওই বাসা থেকে প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে।


ব্যবসায়ী সাদেক সোহেল প্রথম আলোকে বলেন, তিনি চকবাজার থানার হরনাথ ঘোষ রোডের পাশে উর্দু রোড ঢাল এলাকায় পাঁচ তলা বাড়ির দুই তলায় থাকেন। বাসায় তিনি ও তাঁর স্ত্রীসহ পরিবারের কয়েকজন সদস্য থাকেন। তবে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাসায় কেউ ছিলেন না। বাসার দরজায় তালা দেওয়া ছিল। মাগরিবের নামাজ শেষ করে তাঁর বড় ভাই জাবেদ মামুন বাসায় ফিরে দেখেন, দরজার তালা ভাঙা ও ভেতরে আসবাবপত্র তছনছ।

সাদেক বলেন, বাসা থেকে প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা খোয়া গেছে। ওই বাড়িতে একজন সার্বক্ষণিক নিরাপত্তাকর্মী থাকেন। জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন, ঘটনার সময় তিনি নামাজ পড়তে গিয়েছিলেন।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) আহমেদ শরীফ বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় আনা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।