পুরান ঢাকায় হালখাতা উৎসবের প্রস্তুতি
বাংলা নববর্ষের শুরুতেই ব্যবসায়ীদের নতুন খাতা খোলার উৎসব হালখাতা। আগামী বৃহস্পতিবার পয়লা বৈশাখের এই দিনে বিগত বছরের ক্রেতা-বিক্রেতার পুরোনো সব পাওনা চুকিয়ে মিষ্টিমুখ করানো হবে। নতুন বছরকে স্বাগত জানিয়ে ক্রেতা-বিক্রেতা সম্পর্কের নতুন যাত্রা শুরু হবে।
পুরান ঢাকার পাইকারি বাজার ও আড়তগুলোতে হালখাতার প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই বেশির ভাগ আড়তের পুরোনো হিসাব-নিকাশ শেষ করে ফেলা হয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে চলছে ধোয়ামোছার কাজ। ব্যবসায়ীরা তাঁদের নিয়মিত ক্রেতাদের নিমন্ত্রণ জানানোর কাজ শুরু করেছেন। এ জন্য ছাপানো হয়েছে নিমন্ত্রণপত্র। মুসলিম ব্যবসায়ীদের নিমন্ত্রণপত্রে মসজিদের মিনার, আর হিন্দু ব্যবসায়ীদের নিমন্ত্রণপত্রে সিদ্ধিদাতা গণেশের ছবি।
পুরান ঢাকার একাধিক ব্যবসায়ী বলেন, কালের বিবর্তনে হালখাতার উৎসাহ-উদ্দীপনা অনেকটাই কমে গেছে। এ ছাড়া কম্পিউটারের মাধ্যমে হিসাব করার ফলে লালসালুতে বাঁধাই করা হিসাব খাতার চল অনেক কমে গেছে। এখন অনেকটা নিয়ম রক্ষার জন্যই হালখাতার আয়োজন করেন ব্যবসায়ীরা।
গতকাল শনিবার পুরান ঢাকার তাঁতীবাজার, শাঁখারীবাজার, শ্যামবাজার, ইসলামপুর, বাবুবাজার, চকবাজার ও মৌলভীবাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ধোয়ামোছার কাজ করতে দেখা গেছে। সাজিয়ে-গুজিয়ে রাখা হচ্ছে দোকানের সরঞ্জাম। অনেক দোকানের ব্যবস্থাপক আমন্ত্রণপত্রের ওপর পাওনাদের নাম লিখছেন। অনেকে আবার মিষ্টির দোকানে পয়লা বৈশাখের দিনের জন্য মিষ্টির অর্ডার দিচ্ছেন।
মৌলভীবাজারের সামিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী সাইফুল আলম প্রথম আলোকে বলেন, ‘প্রতিবছরই আমরা হালখাতা অনুষ্ঠানের আয়োজন করি। পয়লা বৈশাখের দিনে দোকানে আগরবাতি জ্বালিয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। নিয়মিত ক্রেতা ও আমন্ত্রিত অতিথিদের মিষ্টি ও নিমকি দিয়ে আপ্যায়ন করি। নতুনভাবে বছর শুরু করার চেষ্টা করি। তবে আগের মতো হালখাতায় এসে মহাজনদের বাকি টাকা ফেরত দেওয়ার প্রবণতাটা নেই। ফলে উৎসাহে কিছুটা ভাটার টান পড়েছে।’
হালখাতা উপলক্ষে ধোয়ামোছা করছিলেন তাঁতীবাজার স্বর্ণালংকার ব্যবসায়ী উত্তম রায়। তিনি বলেন, ‘ছোটবেলা থেকে বাবা-জ্যাঠাদের হালখাতার আয়োজন করতে দেখে এসেছি। ঐতিহ্য ধরে রাখতে এখনো আমাদের অনেকেই হালখাতার আয়োজন করে। যদিও এখন ডিজিটাল যুগ। কম্পিউটারে সব হিসাব করা হয়। বাকিও তেমন থাকে না। ফলে তেমন একটা বকেয়া আদায় হয় না। তারপরও ঐতিহ্য রক্ষায় হালখাতা করব।’