পুরান ঢাকার ঈদ ঐতিহ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবাবি আমলে ঢাকায় ঈদ মানে ছিল ঢোল পিটিয়ে ঈদের ঘোষণা, নিমতলী প্রাসাদের ফটক থেকে শুরু হওয়া ঈদের মিছিল, চকবাজারের মেলা, রেসকোর্সে ঘোড়দৌড় আর মোগলাই খাবারদাবার। সেই খানদানি ঈদের চল আর নেই। তবে পুরান ঢাকার ঈদ আয়োজনে এখনো নবাবি ঐতিহ্যের কিছুটা স্পর্শ পাওয়া যায়।
নারিন্দা এলাকার প্রবীণ বাসিন্দা শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের সময় কোরবানির ঈদকে বলা হতো বকরি ঈদ। সে সময় গরুর চেয়ে খাসি বা বকরিই কোরবানি হতো বেশি।’ তিনি স্মৃতিচারণা করে বলেন, ‘ঈদের আগের তিন দিন আমাদের কাজ ছিল আশপাশের এলাকায় ঘুরে ঘুরে গরু দেখা। কলতাবাজারে এক কন্ট্রাক্টরের বাড়িতে একই সাইজের সাতটা সাদা গরু কোরবানি হতো। শামিয়ানার নিচে লাইন ধরে গরুগুলো সাজিয়েগুজিয়ে রাখা হতো। আমরা প্রতিবছর সেই গরু দেখতে ভিড় করতাম।’
ধোলাইখাল এলাকার বাসিন্দা তরুণ হুমায়ুন কবীর বললেন, ‘প্রতিবছরই কোরবানির ঈদে দল বেঁধে প্রতিবেশী আর আত্মীয়দের গরু দেখতে যাওয়া হয়। এটা আমাদের কোরবানির ঈদের একটা মজা।’
অধ্যাপক মুনতাসীর মামুন তাঁর ঢাকা সমগ্র প্রথম খণ্ডে আশরাফউজ্জামানকে উদ্ধৃত করে বলেছেন, ‘ঈদের মেলা হ’ত চকবাজার এবং রমনা ময়দানে। বাঁশের তৈরি খঞ্চা ডালা আসত নানা রকমের। কাঠের খেলনা, ময়দা এবং ছানার খাবারের দোকান বসতো সুন্দর করে সাজিয়ে। কাবলীর নাচ হ’ত বিকেলবেলা।’
পুরোনো ধারা বজায় রেখে এখনো চকবাজারে ঈদের মেলা বসে। চলে চার-পাঁচ দিন। লালবাগের প্রবীণ বাসিন্দা আবদুল ওয়াহাব বলেন, ‘চকের মেলার সন্দেশওয়ালারা আসতেন নদীর ওই পার থেইকা। ওই সন্দেশের স্বাদ এখনো মুখে লাইগা আছে।’
ঢাকার নবাবদের রসনাবিলাস প্রায় কিংবদন্তিতুল্য। মুনতাসীর মামুনের লেখায় পাওয়া যায় ‘তোরাবন্দী’ খাবারের কথা, যেখানে নৌকা বানিয়ে বানাতের নিচে সারি সারি পাত্রে ঈদের দিন ২৪ পদ খাবার অতিথিদের পরিবেশন করা হতো। তোরাবন্দীর চল এখন না থাকলেও আদি ঢাকাইয়ারা এখনো ধরে রেখেছেন নানা ঐতিহ্যবাহী রান্না।
গৃহিণী রাশিদা আহমেদ বললেন, ‘কোরবানির ঈদে তিনটা বিশেষ পদ আমাদের বাসায় সব সময় হয়। ক্ষিরি কাবাব, কাটা মসলার মাংস আর বড় মাংস।’ জানালেন, গাভির বাঁটের অংশ দিয়ে ‘ক্ষিরি কাবাব’ তৈরি হয়। আর কোনো বাটা মসলা আর পানি ছাড়া রান্না হয় ‘কাটা মসলার মাংস’। ‘বড় মাংস’ হলো তিন-চার কেজি ওজনের মাংসের বড় টুকরায় শুধু লেবুর রস, আদার রস আর সোহাগা নামের এক বিশেষ ধরনের মসলাবাটা মিশিয়ে এক বিশেষ রান্না।
রাশিদার কথায়—আগে এই রান্নাগুলো যখন-তখন হতো। কিন্তু এখন ঈদের মতো বিশেষ দিন ছাড়া আর এ রান্নাগুলো আর হয় না।