পুরান ঢাকার ঐতিহ্যে হবিগঞ্জের ছোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাকরখানি ​তৈরিতে ব্যস্ত এক শ্রমিক l প্রথম আলো
বাকরখানি ​তৈরিতে ব্যস্ত এক শ্রমিক l প্রথম আলো

রাজধানী ঢাকার ইতিহাস ৪০০ বছরেরও বেশি পুরোনো, তবে এই অঞ্চলে মানুষের বাস আরও আগে থেকে। ইতিমধ্যে সময়ের স্রোতে হারিয়ে গেছে ঢাকার অনেক ঐতিহ্য। এরপরও টিকে আছে কিছু জিনিস, তারই একটি বাকরখানি। বাকরখানি পুরান ঢাকার ঐতিহ্য। এটা এখন নতুন ঢাকা এবং ঢাকার বাইরেও দেখা যায়। কিন্তু পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানির অনেক দোকানমালিক ও বেশির ভাগ শ্রমিকের বাড়িই হবিগঞ্জে।
পুরান ঢাকার বাগডাশা লেন, বেচারাম দেউড়ি, নাজিমউদ্দিন রোড, বেগম বাজারসহ বিভিন্ন এলাকায় বাকরখানির ১৭টি দোকানের ১২টির মালিক হবিগঞ্জ জেলার বাসিন্দা। শ্রমিকদের বড় অংশই ওই জেলার। অবশ্য নাজিমউদ্দিন রোডের দুটি দোকানের মালিক ও শ্রমিক ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। দেখা গেছে, যেসব দোকানের মালিক হবিগঞ্জের, সেখানকার শ্রমিকেরাও হবিগঞ্জের। আর ব্রাহ্মণবাড়িয়ার মালিকদের দোকানের শ্রমিকেরাও এসেছেন একই জেলা থেকে।
নাজির হোসেন রচিত কিংবদন্তির ঢাকা বইয়ে বলা হয়েছে, ‘ধারণা করা হয়, মুঘল সুবেদার মুর্শিদ কুলি খানের মেয়ের জামাই আগা বাকেরের নাম থেকেই এই বিশেষ ধরনের রুটির নামকরণ। কাশ্মীরের শ্রীনগর থেকে মুঘলরা এই খাবার এ দেশে নিয়ে আসেন বলেও জনশ্রুতি রয়েছে।’
বাকরখানি তৈরিতে হবিগঞ্জের লোকদের প্রাধান্য সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন প্রথম আলোকে বলেন, প্রথম থেকে হবিগঞ্জের লোকেরাই এর সঙ্গে জড়িত ছিল। অধিকাংশ দোকানমালিক ওই অঞ্চলের। তাঁরা তাঁদের ছেলে, ভাই, স্বজনদের নিয়ে আসেন। পুরান ঢাকার লোকেরাও একসময় এর উৎপাদনের সঙ্গে জড়িত ছিলেন। মানুষের কাজের ক্ষেত্রের পরিবর্তন হচ্ছে, তাই হয়তো এখন আর তাঁদের এ পেশায় দেখা যায় না।
পুরান ঢাকার সিদ্দিক বাজার, আলুবাজার, নয়াবাজার, রায়সাহেব বাজার, দয়াগঞ্জ, নাজিমউদ্দিন রোড, লালবাগে বাকরখানির দোকান বেশি দেখা যায়। এ ছাড়া এখন নতুন ঢাকার বিভিন্ন এলাকায়ও বাকরখানির দোকান দেখা যায়। বাগডাশা লেনের দোকান মালিক মোশাহিদের বাড়ি হবিগঞ্জ জেলার লাকাই থানায়। বড় ভাইয়ের সঙ্গে ঢাকায় আসেন। বড় ভাই একটি বাকরখানির দোকানে কাজ করতেন। পরে তিনি নিজেই একটা দোকান দেন।
বাকরখানির কারিগর রেজওয়ান আহমেদের বাড়িও হবিগঞ্জে। খালাতো ভাইয়ের মাধ্যমে এ পেশায় আসা। হাসিবুর রহমান ৮-১০ বছর ধরে এ কাজের সঙ্গে জড়িত। তবে সব সময় ঢাকায় থাকেন না। যখন গ্রামে ধান কাটার সময় হয়, তখন চলে যান। আর যখন গ্রামে কোনো কাজ থাকে না, তখন আবার ঢাকায় বাকরখানির দোকানে কাজ শুরু করেন।
বেচারাম দেউড়ির এক দোকানমালিক নাজিম মিয়া হবিগঞ্জ থেকে ঢাকায় এসে বাকরখানি কাজের সঙ্গে সম্পৃক্ত হন ১৯৮৮ সালে। বড় ভাই তাঁকে নিয়ে আসেন। বেগম বাজার এলাকায় দোকানের শ্রমিক মাসুম মিয়া, শাহীন আলম, মো. বুলুর বাড়িও হবিগঞ্জের বিভিন্ন এলাকায়। তাঁরা জানান, তাঁদের কেউ বড় ভাই, কেউ বাবা, কেউ আত্মীয়স্বজনের হাত ধরে এ কাজে এসেছেন।
দিন দিন বাকরখানির চাহিদা বাড়ছে। আগে দোকান অনেক কম ছিল। এখন দোকানের সংখ্যাও বাড়ছে। এখন বিভিন্ন জেলায়ও বাকরখানির দোকান দেখা যায়। তবে বাকরখানি অন্যান্য সময়ের তুলনায় শীতের সময় বেশি বিক্রি হয়। গরম কালে ব্যবসা কিছুটা মন্দা থাকে।
পুরান ঢাকার স্থানীয় বাসিন্দা সুলতান আহমেদ বলেন, বাকরখানি তাঁরা সকাল, বিকেল ও সন্ধ্যায় চা দিয়ে খান। মাংস, দুধ, দিয়ে খেতেও বাকরখানির তুলনা হয় না।