পুরান ঢাকার কাগুজে পার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নামেই হাজারীবাগ পার্ক। নেই বিনোদনের ব্যবস্থা। খোলা মাঠে খেলাধুলা করছে এলাকার শিশু–কিশো​েররা l ছবি: প্রথম আলো
নামেই হাজারীবাগ পার্ক। নেই বিনোদনের ব্যবস্থা। খোলা মাঠে খেলাধুলা করছে এলাকার শিশু–কিশো​েররা l ছবি: প্রথম আলো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তালিকায় হাজারীবাগ এলাকায় পার্ক আছে দুটি। তবে বাস্তবে সেখানে কোনো সুযোগ-সুবিধা নেই। হাজারীবাগ পার্ক নামে যেটি আছে, সেটি শুধু দেয়ালঘেরা একটি মাঠ। আর গজমহল শিশুপার্কটি পরিণত হয়েছে গাড়ির গ্যারেজে। খেলার কোনো সামগ্রী নেই।
‘হাজারীবাগ পার্ক’ বলতে লোকজন দেয়ালঘেরা মাঠকেই চেনেন। গতকাল দুপুরে এলাকায় গিয়ে দেখা যায়, ফটকে লেখা ‘হাজারীবাগ পার্ক’। ভেতরে গিয়ে দেখা যায়, ফাঁকা মাঠ। আলাদা আলাদা দলে মহল্লার কিশোরেরা ক্রিকেট-ফুটবল খেলছে। আল আমিন নামের স্থানীয় এক স্কুলছাত্র বলল, ‘এখানে আমরা ক্রিকেট-ফুটবল খেলি। এই মাঠকেই মানুষ পার্ক হিসেবে চিনে।’
ভেতরে একটি চটপটি-ফুচকার দোকান। খেলতে থাকা কয়েকজন জানায়, বিকেলের দিকে ভ্রাম্যমাণ দোকানের সংখ্যা আরও বেড়ে যায়। মাঠের ডান দিকে সিটি করপোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতার সরঞ্জাম রাখা। পার্কের সঙ্গেই আছে ২২ নম্বর ওয়ার্ড কমিশনারের কার্যালয়।
স্থানীয় বাসিন্দা আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘এইটা লেখা আছে পার্ক। কিন্তু ক্রিকেট-ফুটবল যারা খেলতে পারে, তারাই আসে।’
পার্কের সামনে একটি মুদি দোকান। এর দোকানি বিল্লাল হোসেন ৫০ বছর ধরে এখানে বসবাস করছেন। তিনিও বললেন, একসময় এখানে শিশুদের খেলার সিসো, দোলনা ছিল, এ ছাড়া বসার বেঞ্চও ছিল। পরে বিভিন্ন সময়ে তা ভেঙে ফেলা হয়।
২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারিকুল ইসলাম বলেন, ‘এখানে পার্কের কোনো সুযোগ-সুবিধা নেই। নামেই পার্ক। যেহেতু হাজারীবাগ এলাকায় খেলার কোনো মাঠ নেই, তাই একে আমরা এভাবেই রাখতে চাই।’ তবে তিনি জানালেন, সদরঘাট-গাবতলী বেড়িবাঁধে পার্কের ব্যবস্থা করবেন।
শিশুপার্কের খোঁজে হাজারীবাগের গজমহল রোডে থানার পাশে আরেকটি পার্কে গিয়ে দেখা যায়, এর অবস্থা আরও করুণ। ১৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত পার্কটি স্থানীয়ভাবে গজমহল পার্ক নামে পরিচিত। স্থানীয় বাসিন্দা তৈমুর মিয়া বললেন, এটিই একসময় শিশুপার্ক ছিল, তবে এখন কিছু নেই।
১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিম বলেন, ‘পার্কটা ছোট হয়ে গেছে আর থানার ভাঙাচোরা গাড়ি রাখা হয়। এটা ঠিক করার টেন্ডার হয়ে গেছে, আমরা একে সুন্দর করব।’
ভেতরে গিয়ে দেখা যায়, এটিও ছোট পরিসরের একটি মাঠের মতো। পার্কের সামনে ও ভেতরের কিছু স্থানে আবর্জনা ফেলে রাখা হয়েছে। ভেতরে পুলিশের গাড়িসহ আরও কিছু গাড়ি। এক পাশে কয়েকটি কিশোর ক্রিকেট খেলছে। গজমহল ট্যানারি উচ্চবিদ্যালয়ের ছাত্র শাওন বলল, ‘এখানে আমরা মাঝে মাঝে খেলি। মানুষ আড্ডা-টাড্ডা দেয়। আর কিছু হয় না।’
তবে শিশুপার্ক হিসেবে শিশুদের খেলার কোনো সামগ্রী নেই। নাম প্রকাশ না করার শর্তে এক দোকানি বলেন, এই পার্ক সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী নয়। থানার গাড়ি রাখা হয়। বাচ্চারা সুযোগ পেলে ব্যাট-বল নিয়ে ঢোকে।