পুরান ঢাকার চাঁদাবাজ নজরুল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নারিন্দার চাঁদাবাজ নজরুল ইসলামকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে পুলিশ মুগদাপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, নজরুল গেন্ডারিয়া ও সূত্রাপুর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।

নজরুলকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা ১৫ মে নারিন্দা নতুন রাস্তা থেকে দয়াগঞ্জ মোড় পর্যন্ত সড়ক নয় ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। পুলিশ সূত্র জানায়, গতকাল ভোর পাঁচটার দিকে গোপন খবরের ভিত্তিতে পুলিশের ওয়ারী বিভাগের বিশেষ একটি দল মুগদাপাড়া বড় মসজিদসংলগ্ন একটি বাড়ির নিচতলা থেকে নজরুলকে গ্রেপ্তার করে। পরে তাঁকে গেন্ডারিয়া থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। নজরুলকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত রিমান্ড নামঞ্জুর করে নজরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মো. ইলিয়াছ শরীফ প্রথম আলোকে বলেন, ১৫ মে ব্যবসায়ীদের বিক্ষোভের পর চাঁদাবাজ নজরুলকে গ্রেপ্তারের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়। তাঁর বিরুদ্ধে গেন্ডারিয়া ও সূত্রাপুর থানায় নয়টি মামলা ছাড়াও চারটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এর আগেও সন্ত্রাসী নজরুল গ্রেপ্তার হয়েছিলেন, পরে জামিনে মুক্তি পেয়েছিলেন। চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে নারিন্দা নতুন রাস্তা, কোম্পানিগঞ্জ, বেগমগঞ্জ, বানিয়ানগরের ব্যবসায়ীরা ১৫ মে সড়ক অবরোধ, বিক্ষোভের একপর্যায়ে শরৎগুপ্ত লেনে নজরুলের বাড়িতে ভাঙচুর করেন। সেদিন পুলিশের ওয়ারী বিভাগের কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন। ব্যবসায়ীদের দাবি, নজরুল নারিন্দা, খোকা মাঠের আশপাশ, কোম্পানীগঞ্জ ও বানিয়ানগরের প্রায় ৫০০ ব্যবসায়ীর কাছ থেকে তাঁর সহযোগীদের দিয়ে চাঁদাবাজি করছিলেন।