পুরান ঢাকার জরাজীর্ণ ভবন এলাকায় বহুতল ভবন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ পুরান ঢাকার জরাজীর্ণ ভবন এলাকায় নতুন বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন।

আজ বুধবার জাতীয় সংসদে আ ফ ম বাহাউদ্দিনের এক প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের তৈরি করা ঢাকা স্ট্রাকচার প্ল্যানে (২০১৬-৩৫) পুরান ঢাকার কোন জায়গায় পুনর্নির্মাণ দরকার এবং কোন জায়গায় সংরক্ষণ করা প্রয়োজন, তা চিহ্নিত করে বিস্তারিত পুনর্বাসন পরিকল্পনা গ্রহণের কথা বলা হয়েছে। তারা অল্প জায়গায় বেশি মানুষের বাসস্থানের দৃষ্টিকোণ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ফ্ল্যাট প্রকল্প গ্রহণ করেছে। এর অংশ হিসেবে পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ ও জরাজীর্ণ ভবন এলাকার মানুষকে নিরাপত্তা দিতে বহুতল ভবন নির্মাণের প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে কোরিয়া রিসার্চ ইনস্টিটিউট ফর হিউম্যান সেটেলমেন্টসের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি প্রক্রিয়াধীন। এ ছাড়া পরিকল্পনার আওতায় পুরান ঢাকার সংকীর্ণ রাস্তাগুলো প্রশস্ত করা হবে।

শামসুল হকের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশের যেসব উপজেলায় সরকারি কলেজ নেই, সরকার সেসব উপজেলায় একটি করে কলেজকে জাতীয়করণের পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ২৭৫টি বেসরকারি কলেজকে জাতীয়করণের বিষয়ে অর্থ বিভাগের সম্মতি পাওয়া গেছে।

জাহান আরা সুরমার প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষায় সরকারি কোনো বিদ্যালয়ে শূন্য পাসের হার নেই। তবে আট ধরনের ৫৫টি প্রাথমিক বিদ্যালয়ের একজনও পাস করেনি। এর মধ্যে অস্থায়ীভাবে নিবন্ধিত ১টি, কিন্ডারগার্টেন ১৫টি, এনজিও ৯টি, কমিউনিটি বিদ্যালয় ১টি, অনিবন্ধিত বিদ্যালয় ১৭টি, উচ্চবিদ্যালয় সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় ১টি, ব্র্যাক বিদ্যালয় ৪টি এবং নতুন জাতীয়করণ করা বিদ্যালয় ৭টি। এ ছাড়া ইবতেদায়ি শিক্ষার সমাপনী পরীক্ষায় ২৬টি মাদ্রাসায় একজনও পাস করেনি।