পুরান ঢাকার জরাজীর্ণ ভবন এলাকায় বহুতল ভবন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পুরান ঢাকার জরাজীর্ণ ভবন এলাকায় নতুন বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। গতকাল বুধবার জাতীয় সংসদে আ ফ ম বাহাউদ্দিন নাছিমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পূর্তমন্ত্রী বলেন, রাজউকের তৈরি করা ঢাকা স্ট্রাকচার প্ল্যানে (২০১৬-৩৫) পুরান ঢাকার কোন কোন জায়গায় পুনর্নির্মাণ দরকার এবং কোন কোন জায়গায় সংরক্ষণ করা প্রয়োজন, তা চিহ্নিত করে বিস্তারিত পুনর্বাসন পরিকল্পনা নেওয়ার কথা বলা হয়েছে। তারা অল্প জায়গায় বেশি মানুষের বাসস্থানের দৃষ্টিকোণ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ফ্ল্যাট প্রকল্প নিয়েছে। এর অংশ হিসেবে পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ ও জরাজীর্ণ ভবন এলাকার মানুষকে নিরাপত্তা দিতে বহুতল ভবন নির্মাণের প্রকল্প নেওয়ার পরিকল্পনা আছে। এ বিষয়ে কোরিয়া রিসার্চ ইনস্টিটিউট ফর হিউম্যান সেটলমেন্টসের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এ ছাড়া পরিকল্পনার আওতায় পুরান ঢাকার সংকীর্ণ রাস্তাগুলো প্রশস্ত করা হবে। প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা তিনটার পর সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
শামসুল হকের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বেলন, দেশের যেসব উপজেলায় সরকারি কলেজ নেই, সরকার সেসব উপজেলায় একটি করে কলেজকে জাতীয়করণের পরিকল্পনা নিয়েছে। এ লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ২৭৫টি বেসরকারি কলেজকে জাতীয়করণের বিষয়ে অর্থ বিভাগের সম্মতি পাওয়া গেছে।