পুরান ঢাকার জ্ঞানভান্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালবাগের সুপ্রাচীন গ্রন্থবিতান পাঠাগার, মঙ্গলবার বিকেলে তোলা ছবি l প্রথম আলো
লালবাগের সুপ্রাচীন গ্রন্থবিতান পাঠাগার, মঙ্গলবার বিকেলে তোলা ছবি l প্রথম আলো

বৃষ্টি থেমে যাওয়া মেঘ-বিকেলে পৌঁছাই গ্রন্থবিতান পাঠাগারে। সলিমুল্লাহ মুসলিম এতিমখানা হয়ে আজিমপুর রোড ধরে সামান্য ভেতরে এগোলেই রাজা শ্রীনাথ রায় স্ট্রিট। লালবাগের এ সড়কেই পুরান ঢাকার সুপ্রাচীন জ্ঞানভান্ডারটি। ৩১ মে মঙ্গলবার প্রধান ফটক ঠেলে ভেতরে পা রাখতেই সবুজের স্নিগ্ধ পরশ। দুই পাশে নাতিদীর্ঘ মেহগনি, অর্জুন আর মেহেদি, প্রায় বৃক্ষহীন পুরান ঢাকার সঙ্গে যা অনেকটা বেমানান।
মূল পাঠাগারটি বেশ বড়সড়। কাঠের টেবিল-চেয়ার। ভেতরে ডান দিকে বইয়ের তাক। দেশ পত্রিকায় প্রকাশিত গল্পের সংকলন ফেরত দিতে এলেন বর্ষীয়ান গণেশ চন্দ্র দাশ। সব গল্প পড়েছেন কি না জিজ্ঞেস করলে মৃদু হেসে বললেন, ‘যেগুলো ভালো লেগেছে, সেগুলো পড়েছি।’ ১৯৫২ সালে যখন এই পাঠাগারের প্রতিষ্ঠা, তখন স্কুলে পড়তেন গণেশ চন্দ্র, সে সময় থেকে এর পাঠক তিনি। খাজে দেওয়ান প্রথম লেনের এই বাসিন্দার পছন্দ সাহিত্যের বই। ব্যবসা করতেন, এখন অখণ্ড অবসর।
বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল অষ্টম শ্রেণির রেজোয়ান আহমেদের। বিকেল চারটায় পরীক্ষা শেষ হওয়ার পর চলে এসেছে গ্রন্থবিতানে। বাসা কাছেই। আজিমপুরের ওয়েস্টিন হাইস্কুলের এই ছাত্র পড়ছিল মোহাম্মদ ইউনূসের ধাতু সংযোজন পদ্ধতি। অনেক পুরোনো এই বইটির প্রকাশক কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড। দাম ‘চারি টাকা’। সপ্তাহে তিন থেকে চার দিন আসে ও।
নিবিড়ভাবে ‘কিশোর আলো’ পড়ছিল পারিজাত শিক্ষায়তনের ক্লাস থ্রির ছাত্র আবিদুর রহমান। বৌদ্ধপাড়ায় বাসা আবিদের। প্রায়ই আসা হয় এখানে।
নিয়মিত এখানে আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখানের ছাত্র সোহাগ মোল্লা। সোহাগ মূলত পত্রিকাই পড়েন। আর বের হন একেবারে সাড়ে আটটায়, তাঁর ভাষায়, ‘লাইট, ফ্যানের সুইচ অফ করার পর।’
নিজস্ব সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত এই পাঠাগারে রয়েছে সাহিত্য, বিজ্ঞান, রাজনীতি আর ইতিহাসের আকর গ্রন্থ। সাকল্যে ১০ হাজার। তিন মাস পরপর বইগুলো রোদে নেড়ে ঝাড়পোছ করে আবার তাকে সাজানো হয়। এসব কাজের জন্য আছে নিবেদিতপ্রাণ একদল কর্মী।
প্রতিবেদকের উপস্থিতির খবর পেয়ে একে একে পাঠাগারে আসেন ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি বর্ষীয়ান এম এ নাসির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেনসহ অনেকেই। আগেই উপস্থিত ছিলেন সম্পাদক ও সোনালী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ জহিরউদ্দিন।
‘আজকাল ছেলেপেলেরা বই পড়তে চায় না। সবাই মোবাইল টেপাটেপিতে ব্যস্ত’—এম এ নাসির ফিরে গেলেন অতীতে, ‘’৬৬-’৬৭ সালে আমরা এখানে ব্যাডমিন্টন খেলতাম। খন্দকার কারামত আলী সাহেব (ওই সময়কার সভাপতি) আমাদের ধরে নিয়ে টেবিলে বসাতেন।’
ভাষা আন্দোলনের সেই উত্তাল সময়ে পুরান ঢাকার একদল সাহিত্য-সংস্কৃতিমনা যুবকের একান্ত আগ্রহে প্রতিষ্ঠিত হয় পাঠাগারটি।
পাঠাগারের ইতিহাস বইতে প্রথম সভাপতি সৈয়দ মনোয়ার হোসেনের উদ্যোগ প্রসঙ্গে বর্ণিত হয়েছে, ‘রাস্তা দিয়ে যেই যাক তাঁকে ধরে গ্রন্থবিতানের সভ্য হতে বলতেন। পানওয়ালা, মাঠাওয়ালা কাউকে বাদ দিতেন না।’ শুরুর দিকের ইতিহাস বলতে গিয়ে সাবেক সম্পাদক গোলাম সোলায়মান আরও লিখেছেন, ‘গ্রন্থবিতান তো চালু হলো। কিন্তু পাঠক নেই, তবু আলো জ্বেলে বসে থাকতাম। মশার সে কি পুনপুনানি। একলা পেয়ে চামচিকার সে কী ছোটাছুটি, তাদের রাজ্য দখল করেছি বলে। এর ওপরে আবার গৃহিণীদের কানে উঠে গেল আমাদের এই কাণ্ড। একেলা মৎস্য শিকারি বকের মতো বসে থাকা। মনোয়ার সাহেব আর আমার সে কী মর্মান্তিক নিগ্রহ!’
এখন পাঠাগারে পাঠকসংখ্যা কম। কিছু নিয়মিত পাঠক আছেন; বিশেষ করে মাগরিবের নামাজের পরে এলাকার মুরব্বিরা সবাই আসেন। বই, পত্রপত্রিকা পড়েন। গল্পগুজব করেন।
বিশিষ্ট কবি-সাহিত্যিকেরা যদি পাঠাগারে গিয়ে মাসে অন্তত একটি দিন সাহিত্যসভা করতেন, তবে কিছু পাঠক বাড়ত, এমনই অভিমত এখানকার বয়োজ্যেষ্ঠদের।
পাকিস্তান আমলে এই পাঠাগারের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে বই পৌঁছে দেওয়া হতো। স্বাধীনতার পরেও এ ব্যবস্থা ছিল বছর কয়েক। নতুন করে আবার নেওয়া হয়েছে কিছু পদক্ষেপ। বর্তমানের একতলা ভবনটি করা হবে পাঁচতলা পর্যন্ত। দোতলা ও তিনতলায় থাকবে পাঠাগার। থাকবে একটি মিলনায়তনও। তখন নিয়মিত করা যাবে কবিতার আসর, হাতের লেখা, ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এ রকম স্বপ্ন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের।
সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে পরিচালিত হয় ৬৪ বছরের এ পাঠাগারটি। প্রধান উপদেষ্টা হিসেবে আছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের স্ত্রী লুৎফুন্নেসা খানম।
সরকারি প্রতিষ্ঠান জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে যৎসামান্য অনুদান কখনো কখনো মেলে। বেসরকারি পাঠাগারের পৃষ্ঠপোষকতায় গ্রন্থকেন্দ্রের ভূমিকা আরও নিবিড় হওয়া উচিত, এ রকমই অভিমত ব্যবস্থাপনা কমিটির।