‘স্বাগতম, ভেজাল মুক্তির এই অভিযানকে আমরা “স্বাগত” জানাই। ভেজালমুক্ত খাদ্য গ্রহণ করুন, সর্বদা সুস্থ থাকুন। ভেজালের বিরুদ্ধে সর্বদা সচেতন থাকুন—ডিসেন্ট কর্তৃপক্ষ’। গতকাল ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর সময় পুরান ঢাকার চকবাজারের ডিসেন্ট পেস্ট্রি শপের সামনে এভাবেই কাচের মধ্যে সাঁটানো দেখা যায় লেখাগুলো।গতকাল দুপুর আড়াইটার দিকে ভ্রাম্যমাণ আদালত চকবাজারের ওই পেস্ট্রি শপে অভিযান চালান। তাদের তৈরি মুরগির মাংসের পিত্জায় নামমাত্র মাংসের অস্তিত্ব খুঁজে পান আদালত। এ ছাড়া শপে সাজিয়ে রাখা তাদের উত্পাদিত কেকে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত। ডিসেন্ট পেস্ট্রি শপের কর্মচারী সাদ্দাম হোসেন তাঁদের ছোটখাটো ভুলগুলো ভবিষ্যতে সংশোধন করে নেওয়া হবে বলে জানান।পরে আদালত একই এলাকার আনন্দ কনফেকশনারিতে অভিযান চালিয়ে একই অপরাধে তাদেরও ৫০ হাজার টাকা জরিমানা করেন। আনন্দ কনফেকশনারির মালিকের ভাই ইউসুফ আলী বলেন, ‘আমাদের তৈরি কেক এক দিনের বেশি থাকে না, তাই প্যাকেট করা হয়নি।’ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন প্রথম আলোকে বলেন, পিত্জায় সামান্য পরিমাণ মাংস দিয়ে প্রতিষ্ঠানগুলো চড়া দামে বিক্রি করার বিষয়ে তাঁর কাছে অভিযোগ ছিল। প্যাকেটজাত পণ্যে উত্পাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ, ব্যাচ নম্বর, ওজন, প্রতিষ্ঠানের নাম ও সর্বোচ্চ খুচরা মূল্য থাকা বাধ্যতামূলক। কিন্তু প্রতিষ্ঠান দুটিতে তা না পাওয়ায় জরিমানা করা হয়।এদিকে একই আদালত গতকাল দুপুর সোয়া ১২টার দিকে পুরান ঢাকার ৩৫-৩৬ চম্পাতলী লেনের লাকি ম্যানসনের সপ্তম তলায় এনসিসি কসমেটিকস কোম্পানিতে অভিযান চালান। ওই ভবনে ইউনিলিভারের নকল পণ্য উত্পাদনের অভিযোগে সেখানে অভিযান চালানোর খবর পেয়ে কর্মরত শ্রমিকেরা পালিয়ে যান। পরে আদালত কলাপসিবল গেট ভাঙার নির্দেশ দেন।আদালতের সদস্যরা ভেতরে গিয়ে ফেয়ার অ্যান্ড লাভলির ক্রিম নকল করে ফেয়ারা অ্যান্ড লাভলি নামের ক্রিম তৈরির খবর পান। কক্ষের ভেতর গিয়ে দেখা যায়, বড় বড় কয়েকটি প্লাস্টিকের ড্রামের মধ্যে খোলা অবস্থায় ক্রিমগুলো রাখা হয়েছে। একই ক্রিম দিয়ে নানা ধরনের প্রসাধনী প্যাকেটজাত করতে দেখা যায়।নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন বলেন, কারখানার মালিক ও শ্রমিকেরা পালিয়ে যাওয়ায় কারখানাটি সিল করে দেওয়া হয়। পরে সেটি চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়। কারখানার মালিকের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার জন্য ওসিকে নির্দেশ দেওয়া হয়।বিএসটিআইয়ের কর্মকর্তা এস এম আবু সাঈদ জানান, এসব প্রসাধনী ব্যবহার করলে ত্বকে নানা ধরনের রোগ হতে পারে। এমনকি ত্বকের ক্যানসারও হতে পারে।গতকাল ভেজালবিরোধী অভিযানে অংশ নেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন, বিএসটিআইয়ের কর্মকর্তা এস এম আবু সাঈদ ও পূজন কর্মকার এবং র্যাব-২ ও চকবাজার থানার পুলিশের একটি দল।