পুরান ঢাকার তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার আবাসিক এলাকায় রাসায়নিক পদার্থের গুদামে গতকাল রোববার অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এদিকে ব্যবসা পরিচালনার জন্য নীতিমালা চেয়েছেন রাসায়নিক দ্রব্যের ব্যবসায়ীরা।গতকাল দুপুর একটার দিকে ভ্রাম্যমাণ আদালত আরমানীটোলার তারা মসজিদের দক্ষিণে রাসায়নিক দ্রব্যের গুদামে অভিযান চালান। তবে সেখানকার পাঁচটি গুদামের একটিতেও কোনো দাহ্য পদার্থ পাওয়া যায়নি।এরপর আদালত বেচারাম দেউড়িতে উত্তরা কেমিক্যাল ওয়ার্কস নামে একটি প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালান। আদালত দেখতে পান, গুদামটিতে সালফিউরিক, নাইট্রিক এসিডসহ বিভিন্ন দাহ্য পদার্থ ঝুঁকিপূর্ণভাবে রাখা হয়েছে। এ জন্য আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন।পরে আদালত আবুল খয়রাত রোডের দুটি গুদামে অভিযান চালান। ফায়ার সার্ভিসের ছাড়পত্র না নিয়ে রাসায়নিক পদার্থ গুদামজাত করায় আদালত মনোয়ার হোসেন অ্যান্ড কোম্পানি ও আরিফ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্য এনায়েত হোসেন প্রথম আলোকে বলেন, রাসায়নিক দ্রব্যের ব্যবসার কোনো নীতিমালা নেই। সরকার গুদাম সরানোর কথা বলছে কিন্তু কোনো জায়গা দিচ্ছে না। সরকার জমি দিলে ব্যবসায়ীরা জমি কিনে সেখানে মালামাল স্থানান্তর করতে রাজি।এনায়েত হোসেন আরও বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের কারণে অনেকেই তাঁদের মালামাল ঘরের কোনায় রাখছেন। এতে বিপদ আরও বড় করে দেখা দিতে পারে।র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। র‌্যাব-১০ ও পরিবেশ অধিদপ্তরের একটি দল এতে সহায়তা করে।