পুরান ঢাকার দুর্ধর্ষ চাঁদাবাজ নজরুল অবশেষে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে পুরান ঢাকার সেই দুর্ধর্ষ চাঁদাবাজ নজরুল ইসলাম ধরা পড়েছেন। আজ মঙ্গলবার ভোরে পুলিশ রাজধানীর মুগদাপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে। পুলিশ বলছে, নজরুলের বিরুদ্ধে গেন্ডারিয়া ও সূত্রাপুর থানায় চাঁদাবাজি ও মাদক আইনে নয়টি মামলা রয়েছে।

পুলিশ সূত্র জানায়, আজ ভোর পাঁচটার দিকে গোপন খবরের ভিত্তিতে পুলিশের ওয়ারী বিভাগের বিশেষ একটি দল মুগদাপাড়া বড় মসজিদ-সংলগ্ন একটি ভবনের নিচতলা থেকে নজরুলকে গ্রেপ্তার করে। পরে তাঁকে গেন্ডারিয়া থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর না করে তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।

পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মো. ইলিয়াছ শরীফ প্রথম আলো ডটকমকে বলেন, ১৫ মে ব্যবসায়ীদের বিক্ষোভের পর চাঁদাবাজ নজরুলকে গ্রেপ্তারে একটি বিশেষ দল গঠন করা হয়েছিল। গেন্ডারিয়া ও সূত্রাপুর থানায় নয়টি মামলা ছাড়াও তাঁর বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। নজরুল এর আগে গ্রেপ্তার হলেও জামিনে ছাড়া পান।

নজরুলের চাঁদাবাজিতে অতিষ্ঠ পুরান ঢাকার নারিন্দা ও গেন্ডারিয়া এলাকার কয়েক শ ব্যবসায়ী ১৫ মে নারিন্দা নতুন রাস্তা থেকে দয়াগঞ্জ মোড় পর্যন্ত প্রতিবাদ করে নয় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষুব্ধ ব্যবসায়ীরা শরত্গুপ্ত লেনে নজরুলের বাড়িতেও ভাঙচুর চালান। পরে পুলিশের ওয়ারী বিভাগের কর্মকর্তাদের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, নজরুল নারিন্দা, খোকামাঠের আশপাশ, কোম্পানীগঞ্জ ও বানিয়ানগরের ৫০০ ব্যবসায়ীদের কাছ থেকে সহযোগীদের দিয়ে চাঁদাবাজি করে আসছিলেন।