পুরান ঢাকার পাঞ্জাবিতে নবাবি ঐতিহ্যের ছাপ
‘আপনি নবাববাড়ি (আহ্সান মঞ্জিল) গেছেন? সেখানে নবাবের পাঞ্জাবি দেখবেন, এরপর এই পাঞ্জাবির কারচুপি (এক ধরনের কারুকাজ) দেখলে বুঝবেন। দেখেন, এই পাঞ্জাবির সবখানে কারচুপি। অখন নবাববাড়ির পাঞ্জাবি দেখলেই বুঝবেন আমি কী কইতাচি।’ পুরান ঢাকার উর্দু রোডের মুকুট পাঞ্জাবির ব্যবস্থাপক মোহাম্মদ শহিদুল ইসলামের কাছে তাঁদের তৈরি করা পাঞ্জাবির বিশেষত্ব জানতে চাইলে এভাবেই ঢাকাই ঐতিহ্যের সঙ্গে যোগসূত্রের কথাটা জানালেন তিনি। পুরুষের ঈদের পোশাক হিসেবে পাঞ্জাবি অপরিহার্য। তাই পুরান ঢাকার পাঞ্জাবি তৈরির কারখানাগুলো এখন মহাব্যস্ত। আর শুধু মুকুট নয়, এলাকার সব কারখানার পাঞ্জাবির কারুকাজেই ফুটে উঠছে সেই ঢাকাই ঐতিহ্যের ছাপ।উর্দু রোডেই অবস্থিত মুকুট পাঞ্জাবি, নবাব পাঞ্জাবি, কুটুম পাঞ্জাবি, নকশি পাঞ্জাবি, গালিব ফ্যাশন হাউস, নেক্সট ক্লাব, কোয়ালিটি পাঞ্জাবিসহ প্রায় ৫০টি পাঞ্জাবি তৈরির শিল্পকারখানা। দেখা যায়, প্রতিটি কারখানায় ৪০ থেকে ৫০ জন কারিগর দক্ষ হাতে নানা রঙের পাঞ্জাবির গায়ে ফুটিয়ে তুলছেন নয়নমনোহর সব নকশা। কারিগরেরা জানান, তিন ধরনের কাপড়ের ওপর তাঁরা নকশা করেন। এর মধ্যে শুধু সুতির পাঞ্জাবিতে হাতের কাজ বেশি ফুটিয়ে তোলা যায়। জর্জেট ও সিল্কের পাঞ্জাবিতে নকশা হয় মেশিন দিয়ে। তবে সব কারখানার কারিগরদের কারুকাজেই একটি সাধারণ বৈশিষ্ট্য দেখা যায়। তা হচ্ছে প্রতিটি পাঞ্জাবি দেখতে ঝলমলে। রীতিমতো চোখে পড়ার মতো।শেখ সাহেব বাজারের ব্যবসায়ী আজাহারুল ইসলাম ও পোস্তার আবদুর রহমান বলেন, ঢাকার নবাব পরিবারে ব্যবহূত পাঞ্জাবিগুলো এমন ঝলমলে ও রং-বেরঙের কারুকাজ করা ছিল।কারখানা আর শোরুমগুলো ঘুরে দেখা গেছে, কারুকাজ ছাড়া একেবারে নিরেট সাদা কোনো পাঞ্জাবি খুঁজেই পাওয়া যায় না। তবে শুধু নবাবি আমলের জমকালো নকশা নয়, অনেক পাঞ্জাবিতে দেখা যায়, সমকালীন আধুনিক কারুকাজ। গালিব ফ্যাশন হাউসের মালিক মোহাম্মদ গালিব বলেন, এই কারুকাজের ওপর পাঞ্জাবির নামের যেমন ভিন্নতা আছে, তেমনি রয়েছে দামের পার্থক্য।নেক্সট ক্লাব পাঞ্জাবির মালিক মোহাম্মদ ইয়াসিন প্রথম আলোকে বলেন, এই পাঞ্জাবি শুধু পুরান ঢাকায়ই জনপ্রিয় নয়, বড় বড় বিপণিবিতানসহ দেশের অন্যান্য স্থানেও তা পাওয়া যায়। প্রতিবছর ঈদ আসার এক মাস আগে থেকেই এখানে পাঞ্জাবি ব্যবসায়ী ও কারিগর উভয়ের ব্যস্ততা বেড়ে যায়। মুকুট পাঞ্জাবির কারিগর রফিকুল ইসলাম জানালেন, তাঁদের কারখানায় প্রতিদিন সকাল ১০টা থেকে একটানা রাত তিনটা পর্যন্ত ৪৬ জন কারিগর কাজ করেন। আশপাশের কয়েকটি কারখানায় গিয়ে দেখা গেল, হরেক নকশার রং-বেরঙের পাঞ্জাবির স্তূপ। এর মধ্যে অনেক প্যাকেটও করা হয়ে গেছে। এগুলো ঢাকার বাইরে যাবে। প্যাকেটের গায়ে বিভিন্ন জেলার নাম লেখা। কারখানার মালিকেরা বললেন, প্যাকেট করা পাঞ্জাবিগুলো আজ-কালের মধ্যেই নির্ধারিত গন্তব্যে পৌঁছে যাবে। পুরান ঢাকার এসব কারখানায় শেরওয়ানি, নবাবি ও বাদশাহি কেতার পাঞ্জাবি যেমন তৈরি হচ্ছে; তেমনি আবার শুধু হাতে, গলায় বা গায়ে কাজ করা কম নকশাদার পাঞ্জাবিও আছে। এ রকম অপেক্ষাকৃত হালকা কাজের সাধারণ পাঞ্জাবিগুলোকে কারিগরেরা বলেন বাংলা পাঞ্জাবি।এসব কারখানা থেকেই দোকানমালিকেরা পাইকারি পাঞ্জাবি কিনে নিয়ে সাজিয়ে তুলবেন নিজেদের তাক। দোকান থেকে ক্রেতারা বেছে নেবেন মনের মতো নকশার পাঞ্জাবি। এই পাঞ্জাবিগুলোর খুচরা দাম সম্পর্কে ধারণা চাইলে মোহাম্মদ গালিব বলেন, তাঁর দোকানে জর্জেটের ওপর কাজ করা শেরওয়ানি পাঞ্জাবি রয়েছে তিন থেকে চার হাজার টাকার মধ্যে। এ ছাড়া অন্য কাজ করা পাঞ্জাবিগুলো দেড় থেকে আড়াই হাজার টাকার মধ্যে বিক্রি হবে। তবে কারখানায় পাঞ্জাবিগুলোর সর্বোচ্চ দাম দেখা গেছে এক হাজার ২৫০ টাকা। নেক্সট ক্লাবের মালিক মোহাম্মদ ইয়াসিন প্রথম আলোকে বলেন, ‘এইগুলা ঢাকাই পাঞ্জাবি। এতে রাজা-বাদশাগো পাঞ্জাবির ছাপ আছে। এ জন্যই এইগুলা জমকালো বড় অনুষ্ঠানে পরা যাবে।’