পুরান ঢাকার রাসায়নিক গুদাম এখনো সরেনি
ষাটোর্ধ্ব মো. সাদেক বসে ছিলেন তাঁর ডেকোরেটরের দোকানে। মাথার ওপরে ছেলে মো. তাজের ছবি েঝালানো। রাজধানীর পুরান ঢাকার নিমতলীর সেই ভয়াবহ আগুনে দোকানে বসে থাকা অবস্থাতেই পুড়ে মারা যান ২৭ বছরের এই যুবক৷ ওই আগুনেই পুড়ে মারা যান সাদেকের বড় মেয়ে মাহমুদা পারভীনও (৩৯)।
সাদেকের দোকানটি আগে ছিল তাঁর নিজের বাসার িনচতলায়। এখন আনা হয়েছে গলির মুখের সেই বাড়ির নিচতলায়, যেখানে ছিল অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়া রাসায়নিকের গুদামটি৷ গতকাল সোমবার দুপুরে মো. সাদেক প্রথম আলোকে বলেন, ‘তাজের পোলার বয়স এহন আট, ইস্কুলে যায়। বড় মাইয়ার (মাহমুদা) মাইয়া আশার বিয়া দিলাম গত ডিসেম্বর মাসে। সবাইরেই দ্যাখতে হয় আমার।’
২০১০ সালের ৩ জুন রাতে পুরান ঢাকার নবাব কাটারার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১২৩ জন পুরুষ, নারী ও শিশু। আহত হন ৪০ জন৷ পুড়ে যায় ২৩ বসতবাড়ি, কারখানা ও দোকান৷
ওই অগ্নিকাণ্ডের পর এলাকার মানুষের সম্মিলিত চেষ্টায় নিমতলী ও আশপাশের কয়েকটি এলাকায় এখন কোনো রাসায়নিকের গুদাম নেই। কিন্তু লালবাগ, মিটফোর্ড, বাবুবাজার, সূত্রাপুর, কায়েতটুলী, আগা মসি লেন, আবদুল হাদী লেন, সুরিটোলা, সিক্কাটুলী, সিদ্দিকবাজার, মালিটোলা ও আগা সাদেক রোডের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় রাসায়নিকের গুদাম, কারখানা—সবই আছে৷
ওই প্রাণঘাতী অগ্নিকাণ্ডের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরীর সভাপতিত্বে গঠিত টাস্কফোর্স পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরানোর সুপারিশ করেছে৷ কিন্তু চার বছরেও এর বাস্তবায়ন হয়নি। ফলে ঝঁুকি নিয়েই দিন কাটাচ্ছেন পুরান ঢাকার বাসিন্দারা।
ইকবাল খান চৌধুরী এখন বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান৷ তিনি প্রথম আলোকে বলেন, ‘পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম না সরানো দুঃখজনক। যেকোনো সময় আবার এমন দুর্ঘটনার আশঙ্কা তো থেকেই গেল৷’
রাসায়নিক গুদাম সরিয়ে নেওয়ার স্থান নির্ধারণে গঠিত কমিটি ২০১২ সালের মাঝামাঝি সময়ে পাঁচটি জায়গা চূড়ান্ত করে সুপারিশ করে। সম্প্রতি এ বিষয়ে উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়। এ জন্য কেরানীগঞ্জে গড়ে তোলা হচ্ছে ‘বিসিক রাসায়নিক পল্লি’। এ লক্ষ্যে একটি প্রকল্প সারপত্রও (পিসিপি) তৈরি করেছে শিল্প মন্ত্রণালয়। প্রকল্পটি বাস্তবায়ন করবে বিসিক৷
শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ প্রথম আলোকে বলেন, ‘স্থান নির্ধারণে গঠিত কমিটির সুপারিশ অনেক দিন ঝুলে ছিল। কাজটি শিল্প মন্ত্রণালয়ের না। তবুও আমরা মাস দুয়েক আগে গুদাম সরানোর এ কাজটি শুরু করেছি।’
গুদামের সংখ্যা কত?: স্থান নির্ধারণের কমিটি রাসায়নিক গুদাম ও ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা চার হাজার নির্ধারণ করে। তবে ওই কমিটিকে রাসায়নিক পণ্য ব্যবসার সঙ্গে সম্পৃক্ত তিন ব্যবসায়ী সংগঠন যে তালিকা দিয়েছে, সে অনুযায়ী তাদের সমিতিভুক্ত রাসায়নিক ব্যবসায়ীর সংখ্যা এক হাজার ৭৯ জন।
আবার ফায়ার সার্ভিস ও সিিভল ডিফেন্সের হিসাবে, ঢাকা মহানগরের আবাসিক এলাকায় তাদের কাছ থেকে লাইসেন্স নেওয়া রাসায়নিক গুদাম ও কারখানার সংখ্যা ২০০টি। কিন্তু বাস্তবে এ সংখ্যা অনেক বেশি। প্রকৃত সংখ্যা বের করতে দেড় মাস ধরে শুমারি চলছে৷ এখন পর্যন্ত নয় শতাধিক গুদাম ও কারখানার অস্তিত্ব পেয়েছে তারা৷
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক জহুরুল আমিন মিয়া বলেন, নিমতলীর অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস নতুন কোনো রাসায়নিক প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়নি। কোনো লাইসেন্স নবায়নও করেনি৷
হচ্ছে রাসায়নিক পল্লি: শিল্প মন্ত্রণালয়ের তৈরি করা পিসিপি অনুযায়ী, পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরানো হবে কেরানীগঞ্জের সোনাকান্দা মৌজায়। সেখানে ২০ একর জমির ওপর ছয় তলাবিশিষ্ট ১৭টি ভবন নির্মাণ করা হবে। প্রাথমিকভাবে এক হাজার ৭৯টি প্রতিষ্ঠান স্থানান্তর করা হবে। ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসায়ীরা সুযোগ পাবেন না৷ পিল্ল হওয়ার পর আর কোনো ব্যবসাপ্রতিষ্ঠানকে ঢাকার অন্য কোনো স্থানে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না।
এই প্রকল্পে ব্যয় হবে এক হাজার ২৩০ কোটি টাকা। ২০১৮ সালের জুনের মধ্যে এর নির্মাণ শেষ হবে। তবে একনেকে অনুমোদন না হওয়া পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত নয়। বিসিকের চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার প্রথম আলোকে বলেন, ‘জনস্বার্থের সঙ্গে সম্পর্কিত হওয়ায় আমরা অগ্রাধিকার দিয়ে এ কাজটি শেষ করব।’