পুরান ঢাকার রাসায়নিকের গুদাম সরবে ১ মার্চ থেকে
পুরান ঢাকার রাসায়নিক দ্রব্যের গুদামগুলো আগামী ১ মার্চ থেকে সরানোর প্রক্রিয়া শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
২০১০ সালে এমন একটি গুদামে আগুন লেগে ‘নিমতলী ট্র্যাজেডি’র পর বিভিন্ন সময় গুদাম সরানোর দাবি ওঠে। একাধিকবার সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে প্রতিশ্রুতিও দেওয়া হয়। তবে এবারই প্রথম নির্দিষ্ট একটি তারিখ ঘোষণা করলেন মেয়র।
আজ বৃহস্পতিবার শহরাঞ্চলে আগুন লাগার ঝুঁকিবিষয়ক এক গোলটেবিল আলোচনায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত হয়ে এ ঘোষণা দেন মেয়র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ আলোচনা হয়। ‘ফায়ার হেজার্ড ইন আরবান এরিয়াস : চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এই গোলটেবিলের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকও এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ফায়ার সার্ভিসের বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরে বলেন, ঢাকা শহরের বর্তমান জনসংখ্যা অনুযায়ী ফায়ার সার্ভিসের জনবল থাকার কথা ন্যূনতম ১০ হাজার, কিন্তু আছে মাত্র ৫০০ জন। অপরদিকে ৫০টি ফায়ার স্টেশন থাকার কথা থাকলেও আছে মাত্র ১২টি। বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে তিনি ফায়ার সার্ভিসের জনবল এবং সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন।
মেয়র সাঈদ খোকন বলেন, সাধারণত বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটার পর সাধারণ মানুষের কাছে একটি কৌতূহল জাগে, বিষয়টি কি দুর্ঘটনা না নাশকতা। এসব বিষয়ে তদন্ত হয় কিন্তু মানুষ কিছুই জানতে পারে না। সব তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জনগণের সংশয়-উদ্বেগ দূর করার যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।
গোলটেবিল আলোচনার সঞ্চালক হিসেবে ছিলেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এ এস এম মাকসুদ কামাল। স্বাগত বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান। বৈঠকে বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষকেরা, সংশ্লিষ্ট সরকারি, বেসরকারি এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।