পুরান ঢাকার রাসায়নিকের গুদাম সরবে ১ মার্চ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার রাসায়নিকের গুদামগুলো ১ মার্চ থেকে সরানোর প্রক্রিয়া শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। নিমতলীতে ২০১০ সালে এমন একটি গুদামে অগ্নিকাণ্ডের পর বিভিন্ন সময় রাসায়নিকের গুদাম সরানোর দাবি ওঠে। একাধিকবার সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে প্রতিশ্রুতিও দেওয়া হয়। তবে এবারই প্রথম নির্দিষ্ট একটি তারিখ ঘোষণা করলেন ডিএসসিসির মেয়র।
গতকাল বৃহস্পতিবার শহরাঞ্চলে আগুন লাগার ঝুঁকিবিষয়ক এক গোলটেবিল আলোচনায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত হয়ে মেয়র সাঈদ খোকন এই ঘোষণা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই আলোচনার আয়োজন করা হয়। ‘ফায়ার হেজার্ড ইন আরবান এরিয়াস: চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এই গোলটেবিলের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকও এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ফায়ার সার্ভিসের বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরে বলেন, ঢাকা শহরের বর্তমান জনসংখ্যা অনুযায়ী ফায়ার সার্ভিসের জনবল থাকা উচিত ন্যূনতম ১০ হাজার, কিন্তু আছে মাত্র ৫০০। অপর দিকে ৫০টি ফায়ার স্টেশনের প্রয়োজনীয়তা থাকলেও আছে অনেক কম। বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে তিনি ফায়ার সার্ভিসের জনবল এবং সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন।
সাঈদ খোকন বলেন, সাধারণত বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটার পর সাধারণ মানুষের কাছে একটি কৌতূহল জাগে, বিষয়টি কি দুর্ঘটনা, না নাশকতা। এসব বিষয়ে তদন্ত হয় কিন্তু মানুষ কিছুই জানতে পারে না। সব তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জনগণের সংশয়-উদ্বেগ দূর করার যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।
গোলটেবিল আলোচনার সঞ্চালক ছিলেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এ এস এম মাকসুদ কামাল। স্বাগত বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান। বৈঠকে বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষক, সংশ্লিষ্ট সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।