পুরান ঢাকার রাস্তার কলের পানিতেও দুর্গন্ধ
ঢাকা ওয়াসার লাইনের পানিতে দুর্গন্ধ হলে রাস্তার কল থেকে পানি সংগ্রহ করা হতো। কিন্তু রাস্তার কল থেকে আসা পানিতেও এখন দুর্গন্ধ। বাসিন্দারা কী করবেন?
পুরান ঢাকার শাঁখারীবাজার, রাজার দেউড়ি, কোর্ট–কাচারির কিছু এলাকায় বর্তমানে এই অবস্থা চলছে। গতকাল বুধবার সকালে এলাকায় গিয়ে দেখা যায়, শাঁখারীবাজারে ঢোকার মুখে পোগোজ স্কুলের কাছে যে পানির কলটি রয়েছে, তার মুখে কাপড় বাঁধা। কিছু দূরে কোর্ট–কাচারি যাওয়ার পথে অপর একটি কলেও তাই। সেখানে পানির কলসি নিয়ে দাঁড়িয়ে ছিলেন মধ্য বয়সী এক নারী। তিনি বললেন, বাসায় বাসায় পানি দিয়ে আসার কাজ করেন তিনি। এর বিনিময়ে ১০ টাকা করে টাকা পাওয়া যায়। কিন্তু কয়েক দিন হচ্ছে, কেউ এই পানি নিতে চান না। পানিতে গন্ধ।
এলাকার একটি শিল–নোড়ার দোকানের কর্মচারী সুমন বলেন, ‘শাঁখারীবাজারসহ আশপাশের এলাকায় পানিতে অনেক দিন ধরে দুর্গন্ধ। অনেক বাসিন্দাই রাস্তার কল থেকে জল সংগ্রহ করেন। কিন্তু এখন এই জলও ভালো না। মানুষ কোন জল খাবে?’
রাজার দেউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ওয়াসার একটি কল থেকে পানি সংগ্রহ করে বাসা ও বিভিন্ন দোকানে বিক্রি করেন নবীনের মা। প্রতি কলসি ১০ টাকা। কয়েক মাস আগেও পানি বিক্রি করে তাঁর আয় হতো। প্রতিদিন পানি কেনার জন্য নতুন ক্রেতা যোগ হতো। কারণ, বাসাবাড়ির পানি পান করলেই অসুখ। গতকাল তাঁর দেখা পাওয়া যায়নি। পানিটোলা এলাকার দোকানি তরুণ কুমার বলেন, কলের পানি এখন কেউ কিনতে চান না। বর্তমানে তাঁরা জারভর্তি পানি সংগ্রহ করেন। ১০ লিটার ও ২০ লিটারের। অনেকে পানি ফুটিয়ে পান করেন। তিনি বলেন, এলাকায় কবে বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে, কেউ বলতে পারে না।
পোগোজ স্কুলের কাছে কল থেকে পানি সংগ্রহ করতে এসেছেন শাঁখারীবাজারের অণিমা সূর। বললেন, ‘মাঝে মাঝেই এখানে এসে পানির রং দেখি, গন্ধ শুঁকি। যদি জলটা একটু ভালো হয়। অনেক সময় প্রথমে জলটা ভালো মনে হয়, কিন্তু বাসায় গিয়ে খাওয়ার সময় গন্ধ লাগে।’
পানিটোলা ১৪ নম্বর বাড়ির কাছে রাস্তায় এবং বিপরীত দিকে দুটি কল রয়েছে। কিছুদিন আগেও সেখানে দেখা গেছে, অনেকে কলসি বসিয়ে দখলে রাখতেন। গতকাল ভিড় দেখা যায় না। রাখাল চন্দ্র বসাক লেন, রাধিকা মোহন বসাক লেন, ঝুলনবাড়ি এলাকায় ওয়াসার সরবরাহ লাইনের সঙ্গে চাপকলও দেখা যায়। এগুলো সমাজকল্যাণ অধিদপ্তরের সহায়তায় বসিয়েছে ওয়াসা। তবে প্রতিটিতেই কাপড় বা ছাঁকনি বাঁধা।
ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী এ কে এম শহীদউদ্দিন কয়েক দিন আগে প্রথম আলোকে বলেছিলেন, প্রধানত পুরোনো পাইপলাইনের কারণে পুরান ঢাকার পানিতে দুর্গন্ধ। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে কয়েক মাসের মধ্যে পুরান ঢাকায় মোটা পাইপলাইন বসানোর কাজ শুরু হবে। কাজ শেষ হলে আশা করা যায়, বিশুদ্ধ পানি পাওয়া যাবে।