পুরান ঢাকার শরবতে মোগল ঐতিহ্য
আনন্দ জাফরানি শরবত। ডিসেন্ট স্পেশাল কাশ্মীরি শরবত। রয়েল পেস্তা শরবত। এসব ঢাকার ঐতিহ্যবাহী পানীয়। ভিন্ন স্বাদের এসব শরবত বিশেষ করে পুরান ঢাকার মানুষের ইফতারে এনে দেয় বাড়তি তৃপ্তি।
শরবতের নামের সঙ্গে জড়িয়ে আছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার তৈরির বিভিন্ন প্রতিষ্ঠানের নামও। বেকারি খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডিসেন্ট ও আনন্দ শুধু পবিত্র রমজান মাসে শরবত তৈরি করে। এ ছাড়া রয়েল রেস্টুরেন্ট, বিউটি লাচ্ছি ও নূরানী কোল্ডড্রিংকসে সারা বছরই শরবত পাওয়া যায়।
সম্প্রতি এসব প্রতিষ্ঠানে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শরবত তৈরিতে কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করা হয়। তাই এসব শরবত স্বাদে অনন্য। শরবতের সঙ্গে সুনাম ছড়িয়েছে প্রতিষ্ঠানেরও।
পুরান ঢাকার নবাবপুরে ডিসেন্ট পেস্ট্রি শপের সবচেয়ে পুরোনো শাখা। ব্যবস্থাপক মো. মাসুম প্রথম আলোকে বলেন, ডিসেন্ট স্পেশাল কাশ্মীরি শরবত জাফরান, পেস্তা, দুধ ও চিনি দিয়ে তৈরি করা হয়। প্রতি লিটারের দাম ৩০০ টাকা। তিনি বলেন, বেলা আড়াইটা থেকে তাঁরা শরবত বিক্রি করেন। প্রতিদিন ইফতারের আগে এই শাখায় ৮০ লিটার শরবত বিক্রি হয়। ঢাকায় ডিসেন্টের এমন ১৫টি শাখা আছে।
মাসুম বলেন, তাঁদের প্রতিষ্ঠানের মালিক বিভিন্ন দেশ ঘুরে মজাদার খাবার খুঁজে বের করেন। এই শরবতের প্রস্তুত প্রণালিও ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে আনা। শরবতে ব্যবহারের জন্য জাফরান আনা হয় সৌদি আরব থেকে।
সাত রওজায় অবস্থিত আনন্দের মালিকপক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান বলেন, তাঁরা প্রায় ২০ বছর ধরে জাফরানি শরবত তৈরি করছেন। দুধ, চিনি, পেস্তা ও জাফরান দিয়ে তৈরি প্রতি লিটার শরবতের দাম ৩০০ টাকা। শরবত তৈরিতে উৎকৃষ্ট মানের উপকরণ ব্যবহার করা হয় বলে দাবি তাঁর। মোগল আমলের খাবারের ঐতিহ্য অনুসরণে এই সুমিষ্ট পানীয় তৈরি করা হয়।
বংশাল থানার বাসিন্দা ইমরান হোসেন বলেন, পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিভিন্ন শরবতের স্বাদ একটু অন্য রকমই। সারা দিন রোজা থাকার পর এই শরবত খেলে তৃষ্ণা দ্রুত মিটে যায়।
রয়েল রেস্টুরেন্টের ব্যবসা দেখাশোনা করেন আবদুল মালেক। তিনি বললেন, প্রায় ১৫ বছর ধরে তাঁরা পেস্তার শরবত তৈরি করছেন। এটা সারা বছরই চলে। তবে রোজার মাসে চাহিদা বেড়ে যায়। প্রতি লিটার শরবতের দাম ২৫০ টাকা। তিনি আরও বলেন, মোগল ঐতিহ্য অনুসরণ করে দুধ, মালাই, পেস্তা, জাফরান ও চিনি দিয়ে এই শরবত তৈরি হয়।
বিউটি লাচ্ছির কাজী আলাউদ্দিন রোড শাখার ব্যবস্থাপক মো. ইমরান বলেন, তাঁদের দোকানে লেবুর শরবত ও লাচ্ছি তৈরি করা হয়। লাচ্ছি তৈরিতে খাঁটি দধি ব্যবহার করা হয়। এগুলোর চাহিদা সারা বছরই থাকে। বিশেষ করে গরমে দোকানে ভিড় লেগে যায়। রোজার মাসে রাত সাড়ে তিনটা পর্যন্ত দোকান খোলা থাকে।
নূরানী কোল্ডড্রিংকসের কর্মচারী আফজাল বলেন, তাঁদের দোকানের লাচ্ছি ও লেবুর শরবত খুব ভালো বিক্রি হয়। রোজায় বেলা সাড়ে তিনটার পর শরবত বিক্রি করা হয়।
শরবতের বিষয়ে খোঁজ-খবর নিতে গিয়ে কথা হয় সূত্রাপুরের বাসিন্দা জিয়াউদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ইফতারে দুধ, পেস্তা ও জাফরানের শরবত খুবই ভালো লাগে। দোকানভেদে এসব শরবতের স্বাদও হয় ভিন্ন ভিন্ন। ফ্রিজে ঠান্ডা করে এই শরবত খেলে প্রাণ জুড়িয়ে যায়।