পুরান ঢাকার হাজির বিরিয়ানি ও আল-রাজ্জাককে জরিমানা
পুরান ঢাকার হাজির বিরিয়ানি ও আল-রাজ্জাক হোটেলকে গতকাল রোববার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। হাজির বিরিয়ানিতে কাঁঠালপাতায় বিরিয়ানি সরবরাহ করা হয়। এ পাতাগুলো গরম পানি দিয়ে ধোয়ার নিয়ম থাকলেও তা করা হয়নি। এই অপরাধে ঢাকা সিটি করপোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল হাজির বিরিয়ানিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ প্রথম আলোকে বলেন, হাজির বিরিয়ানির পার্সেল সরবরাহের জন্য কাঁঠালপাতাগুলো সঠিকভাবে ধোয়া হয়নি। এ ছাড়া যাঁরা খাবার পরিবেশন করছেন, তাঁদের গাউন পরার জন্য সতর্ক করা হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকে তা পরানো হয়নি। আদালত পরে আল-রাজ্জাক হোটেলে অভিযান চালান। সেখানে সাত-আট দিনের পুরোনো মিষ্টির সিরা রাখা হয়েছে, যেগুলো থেকে গন্ধ ছড়াচ্ছিল। ওই সিরা জিলাপির সঙ্গে মেশানো হয়। এই অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালত আলাউদ্দিন কসাইয়ের দোকানে অভিযান চালান। সেখানকার মাংসের গায়ে গরু বা মহিষ লেখা সিল ছিল না। এই অপরাধে মাংসবিক্রেতাকে দুই হাজার টাকা জরিমানা করেন আদালত।এদিকে বিএসটিআই পরিচালিত ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গতকাল সায়েদাবাদ ক্যাফে আল জাফরে অভিযান চালান। সেখানে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং তৈরি করা খাবার ঢেকে না রাখায় আদালত প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। ঢাকনাবিহীন ইফতারি বিক্রির অভিযোগে রাজধানীর বেইলি রোডের পালকি কনফেকশনারি ও স্কাইলার্ককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।এদিকে ওজনে কম দেওয়ার অভিযোগে সায়েদাবাদ এলাকার পৌর ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিএসটিআই ও মহানগর দাঙ্গা পুলিশের দুটি দল।