পুরান ঢাকায় আ.লীগ নেতার বাড়িতে ডাকাতি অর্থ, স্বর্ণ ও অস্ত্র লুট
পুরান ঢাকায় আওয়ামী লীগের এক নেতার বাড়িতে গতকাল বুধবার বিকেলে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতেরা অস্ত্রের মুখে ওই বাসা থেকে স্বর্ণালংকারসহ সাড়ে ২১ লাখ টাকার মালামাল, লাইন্সেস করা দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫টি গুলি নিয়ে গেছে।যোগাযোগ করা হলে গেন্ডারিয়া থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) সজীব কুমার বাড়ৈ প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে একদল ডাকাত ডিস্টিলারি রোডে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল হালিমের বাড়ির দ্বিতীয় তলায় এসে দরজার কড়া নাড়ে। এ সময় হালিম দরজা খুলে দিলে ডাকাতেরা বাসায় ঢোকে। একপর্যায়ে ডাকাতেরা অস্ত্রের মুখে সবার হাত-পা বেঁধে ফেলে। পরে তারা আলমারি ভেঙে দুই লাখ টাকা, ৩৮ ভরি স্বর্ণালংকারসহ সাড়ে ২১ লাখ টাকার মালামাল, লাইসেন্স করা দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫টি গুলি লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে গত রাতে আবদুল হালিম বাদী হয়ে ডাকাতির মামলা করেন।