পুরান ঢাকায় আটক তিন শিবিরকর্মীর বিরুদ্ধে মামলা
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালানোর অভিযোগে পুরান ঢাকার বাহাদুরশাহ পার্ক এলাকা থেকে আটক সন্দেহভাজন তিন শিবিরকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় পুলিশ অন্য তিন যুবককে ছেড়ে দিয়েছে।পুলিশের সূত্র জানায়, অভিযোগ প্রমাণিত হওয়ায় কোতোয়ালি থানায় আটক হওয়া তিনজনের বিরুদ্ধে মামলা হয়। গতকাল বৃহস্পতিবার তাদের কারাগারে পাঠানো হয়। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সূত্রাপুর থানায় আটক হওয়া তিন যুবককে মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় দ্রুত বিচার আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল সরকারি কলেজ শাখার ছাত্রলীগ কর্মীরা শিবিরকর্মী সন্দেহে ছয় যুবককে মারধর করে পুলিশে সোর্পদ করে। ছাত্রলীগ কর্মীদের অভিযোগ, জামায়াতে ইসলামী শীর্ষস্থানীয় তিন নেতার গ্রেপ্তারের প্রতিবাদে ওই ছয় যুবক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল।