পুরান ঢাকায় আলো-শব্দের মিতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার দেবী নিবাস কাল সেজেছিল ঐতিহ্যের রঙে l ছবি: সাহাদাত পারভেজ
পুরান ঢাকার দেবী নিবাস কাল সেজেছিল ঐতিহ্যের রঙে l ছবি: সাহাদাত পারভেজ

পুরান ঢাকার ‘দেবী নিবাস’-এ ঢুকতেই মুখোমুখি হতে হলো কড়া নিরাপত্তার। গতকাল শুক্রবার এখানে ছিল কেবল নিমন্ত্রিত অতিথিদের প্রবেশাধিকার। সাধারণ মানুষ এখানে আসতে পারবেন আজ সূর্যাস্তের পর। ফ্রান্স ও জার্মানির দুই শিল্পী ক্রিস্তফ ব্রুয়াস ও ফিলিপ গাইস্ট ফরাশগঞ্জের এই ভবনটি আলো দিয়ে সাজিয়ে তুলেছেন। দুদিনব্যাপী এই আয়োজনের নাম ‘পুরান ঢাকার আলোকায়ন—পাদপ্রদীপে ঐতিহ্য’। বাংলাদেশে ফ্রান্স ও জার্মানির সাংস্কৃতিক কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজ, ঢাকা ও গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ এ আয়োজন করেছে। সঙ্গে ছিল বাংলাদেশের আরবান স্টাডি গ্রুপ। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও এ আয়োজনের সহযোগী। আর আয়োজনে আংশিক আর্থিক সহযোগিতা করেছে ফ্রাঙ্কো-জার্মান ফান্ড।
আয়োজনে রয়েছে দুটো অংশ। এক অংশে ফরাসি শিল্পী ক্রিস্তফ ব্রুয়াস আলোকিত করেছেন দেবী নিবাসের মূল ভবন। বুড়িগঙ্গামুখী দৃষ্টিনন্দন এ দোতলা প্রাসাদ নির্মাণ করিয়েছিলেন ঊনবিংশ শতাব্দীর এক জমিদার ও ব্যবসায়ী। নিও-ক্ল্যাসিকাল ধারায় নির্মিত এ ভবনটি আহসান মঞ্জিলের খুব কাছেই। কিন্তু বেশির ভাগ সময়ই এটি ছিল জনসাধারণের অগোচরে। অনেক অযত্ন-অবহেলার পরেও এটি টিকে আছে।
আলো আর সুরের সমন্বয়ে ক্রিস্তফ যেভাবে সাজিয়েছেন এ ভবনটি, সেটি দেখার মতো। গতকাল সূর্যাস্তের পর থেকে রাত ১০টা পর্যন্ত আলোয় রঙিন ছিল দেবী নিবাস। আলোকায়নের আরেকটি অংশে জার্মান শিল্পী ফিলিপ গাইস্ট আরেকটি অনন্য আলোকসজ্জা করেছেন। প্রকৃতির মাঝে তিনি ছুড়ে দিয়েছেন নানা ভাষার শব্দ। প্রজেক্টর থেকে আলো বের হচ্ছে, তাতে ভেসে যাচ্ছে বাড়িটি, ভেসে যাচ্ছে আশপাশের সব গাছপালা। আর সেই আলোর সঙ্গে মিতালি পাতিয়েছে বিভিন্ন ভাষার শব্দাবলি। শিল্পী ফিলিপ গাইস্ট বলেন, ‘ঐতিহ্যের একটি প্রধান অংশ ভাষা। পুরান ঢাকার ঐতিহ্য নিয়ে আমরা কাজ করেছি, এই কাজে ভাষার সংযোগের মর্মার্থ আপনারাই বেশি বুঝবেন, কারণ আপনারাই ভাষার জন্য প্রাণ দিয়েছেন।’
ক্রিস্তফ ব্রুয়াস একজন আলোক নির্দেশক ও থিয়েটার পরিচালক। ফ্রান্সের লিওঁ’তে ফেতে দ লুমিয়ের আলোকোৎসবে তিনি অংশ নিয়েছেন। আর ফিলিপ গাইস্টের খ্যাতি চলচ্চিত্র, ভিডিও ও আলোকসজ্জায়।
গতকাল সন্ধ্যায় আয়োজনটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। অন্য অতিথিরা হলেন ফরাসি দূতাবাসের উপপ্রধান জঁ পিয়ের পোন্সে ও জার্মান দূতাবাসের উপপ্রধান ফার্ডিনান্ড ফন ভাইয়ে। অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্যেটে ইনস্টিটিউটের পরিচালক ইউডিথ মিয়েশব্যারগার ও আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক ব্রুনো প্রাশ।
আনিসুজ্জামান বলেন, ‘ফ্রান্স ও জার্মানির সংস্কৃতিকেন্দ্র আমাদের পুরান ঢাকার ঐতিহ্য তুলে ধরতে এই আয়োজন করেছে। বাংলাদেশ সরকারের সম্ভবত আরও অনেক কিছু করা উচিত। আশা করি এই আয়োজনটি আমাদের সবাইকে উজ্জীবিত করবে।’
আলোকায়ন ছাড়া দেবী নিবাস ভবনের ভেতরে ছিল পুরান ঢাকার বিভিন্ন স্থাপত্যের আলোকচিত্র ও ড্রয়িং প্রদর্শনী। শাঁখারীবাজারের বিভিন্ন ভবন, ছোটকাটরা, বড় বাড়ি, ঢাকা জিলা পরিষদ ভবন, শঙ্খনিধি মন্দির, তারা মসজিদসহ বিভিন্ন পুরাকীর্তি স্থাপনার তথ্য ও সেগুলোর বর্তমান করুণ অবস্থা বর্ণনা করা হয় প্রদর্শনীতে। এ ছাড়া ছিল রাহিন হায়দারের স্যাক্সোফোন ও বাঁশি পরিবেশনা। স্নাতা শাহরিনের নেতৃত্বে একটি দল নাচও পরিবেশন করেছে।
আজ বিকেলে পাঠক চলে যেতে পারেন দেবী নিবাসে। পুরান ঢাকার ঐতিহ্যের এমন রূপ দেখার সুযোগ বারবার আসে না।