পুরান ঢাকায় ঈদের বাজার জমজমাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার লক্ষ্মীবাজারে ফুটপাতের দোকানে পছন্দের জিনিস খুঁজছেন ক্রেতারা l ছবি: প্রথম আলো
পুরান ঢাকার লক্ষ্মীবাজারে ফুটপাতের দোকানে পছন্দের জিনিস খুঁজছেন ক্রেতারা l ছবি: প্রথম আলো

সোমবার সকাল ১০টা, ঝিরঝিরে বৃষ্টি। এমন বৃষ্টিতে রাস্তাঘাটে লোকের যাতায়াত কম থাকে। কিন্তু পুরান ঢাকার অভিজাত আবাসিক এলাকা ওয়ারীর র্যাংকিন স্ট্রিটে দেখা গেল ভিন্ন চিত্র। উত্তরে জয়কালী মন্দির থেকে শুরু করে দক্ষিণে টিপ সুলতান রোড পর্যন্ত প্রচণ্ড যানজট। যানবাহনের ফাঁক দিয়ে রাস্তায় নানা বয়েসী মানুষ চলাচল করছে। কারও হাতে নতুন কাপড়ের ব্যাগ, কেউ খালি হাতে ছুটছে। নারীর সংখ্যাই বেশি।
দুপুর ১২টায় লক্ষ্মীবাজার এলাকায় গিয়ে দেখা যায় একই চিত্র। অগণিত মানুষ আর যানবাহনে ঠাসা। ফুটপাত থেকে রাজপথ—কোথাও স্বাভাবিক গতিতে পায়ে চলারই উপায় নেই। অথচ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য খ্যাত এই এলাকার বেশির ভাগ প্রতিষ্ঠানে ছুটি চলছে।
ওয়ারী ও লক্ষ্মীবাজারে গতকাল সোমবার বর্ষণমুখর দিনে এ রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে মূলত ঈদবাজারের কারণে। রমজানের শুরু থেকেই এখানকার বিপণিবিতানগুলোতে ঈদের বেচাকেনা জমে উঠেছে। বিগত কয়েক বছরে গড়ে ওঠা এ দুই এলাকা এখন পুরাতন ঢাকাবাসীর কেনাকাটার প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে।
আবাসিক এলাকায় অভিজাত বিপণিকেন্দ্র: ছিল পুরোদস্তুর আবাসিক এলাকা। বলা হয়ে থাকে ঢাকার প্রথম অভিজাত এলাকা। এখন বেশ খানিকটা বদলে গেছে ওয়ারীর দৃশ্যপট। অন্তত ওয়ারীর মূল সড়ক র্যাংকিন স্ট্রিটে গেলে এমনটিই মনে হবে। বাগানের বিলাসিতা ঘুচেছে বহুকাল আগেই। হয়েছে সুউচ্চ সব ভবন। পুরান ঢাকার অন্য এলাকার চেয়ে ওয়ারীর রাস্তাগুলো কিছুটা চওড়া। তা সত্ত্বেও ভোর থেকে গভীর রাত পর্যন্ত পথ উপচানো যানবাহনের জটলা। বিগত ১০ বছরে দ্রুতই বদলে গেছে এলাকাটি। এখন এটি বিপণিবিতান স্ট্রিটে পরিণত হয়েছে।
স্থানীয় সিলভারডেল স্কুলের পাশের ভবনে আড়ংয়ের বিক্রয়কেন্দ্র খোলা হয় তখন। তখন ওয়ারীতে অভিজাত প্রতিষ্ঠানের পোশাকের দোকান ছিল গুটি কয়েক। আর এখন দুই কদম ফেলতেই মিলবে শহরের নামজাদা ফ্যাশন হাউসগুলোর শাখা। কী নেই এখানে! আড়ং, নবরূপা, ক্যাটস আই, গ্রামীণ, ইউনিক্লো, ইয়েলো, সাদা-কালো, অঞ্জন’স, এসটাসি, চৈতি, রূপসী বাংলা, এডিশন, আবর্তন, বৈশাখী থেকে শুরু করে জুতার বিক্রয় প্রতিষ্ঠান বাটা, এ্যাপেক্স, শিশুদের জন্য সুপ্ত কিডস, কিডস ক্লাবসহ নানা প্রতিষ্ঠান। পাশাপাশি অনেক মার্কেটও চালু হয়েছে সম্প্রতি।
মধ্যবিত্তদের প্রিয় রাজধানী মার্কেট ও সদরঘাট: এখন পর্যন্ত পুরান ঢাকার সবচেয়ে বড় বিপণিকেন্দ্র হিসেবে বিবেচিত রাজধানী সুপার মার্কেট। এখানে সব শ্রেণির ক্রেতারা কেনাকাটা করেন। ক্রেতারা বলেন, এখানে দাম তুলনামূলক কম। এখানে সব বয়সী নারী-পুরুষ ও শিশুদের পোশাকের ব্যাপক আয়োজন লক্ষ করা গেছে। এ ছাড়া জুতা, অলংকার, থান কাপড়সহ সংসারের টুকিটাকি জিনিসও পাওয়া যায়। লালমোহন সাহা স্ট্রিটের মঞ্জুর রহমান তাঁর স্ত্রীকে নিয়ে গতকাল দুপুরে এসেছেন ঈদের বাজার করতে। তিনি বললেন, ‘আগে আমাদের মৌচাক কিংবা গাউসিয়া মার্কেটে যেতে হলেও এখন আর অত দূর যাওয়া লাগে না। এখানেই সব পাওয়া যায়। দামও তুলনামূলক কম।’ গৃহিণী শাহানা বলেন, ‘অন্য কোনো মার্কেটে এতটা স্বস্তি পাই না। বাসার কাছে বলে এখানে বাজার করলে সময়ও বেঁচে যায়।’ অন্যদিকে সদরঘাটে আসেন মূলত গেন্ডারিয়া ও ইসলামপুর এলাকার বাসিন্দারা।
নিম্ন আয়ের মানুষের জন্য ফুটপাত: সদরঘাট এলাকায় দেখা গেল ফুটপাতের ব্যবসা বেশ জমজমাট। নতুন জামার পাশাপাশি ওয়াইজঘাট এলাকায় পুরান জামা-কাপড়ের সমাহার দেখা গেল। বেচাকেনাও বেশ ভালো। ওয়াইজঘাটে জামা কিনতে আসা রিকশাচালক রহিম মিয়া জানান, তাঁর ছেলের জন্য ১৩০ টাকায় একটি পাঞ্জাবি কিনেছেন। তিনি বলেন, ‘আমাদের সামর্থ্য অনুযায়ী বাজার এখানেই করতে পারি। তাই চলে আসি এখানে।’ লক্ষ্মীবাজারের মুসলিম হাইস্কুলের সামনে থেকে শুরু করে বেশ খানিকটা এলাকায় ফুটপাতে নানা ধরনের পণ্য নিয়ে বসেছেন অস্থায়ী ব্যবসায়ীরা।