পুরান ঢাকায় ঐতিহ্যবাহী ভবন ধ্বংস থেমে নেই
পুরান ঢাকার সংরক্ষিত ঐতিহ্যবাহী ভবন ধ্বংসের প্রক্রিয়া অব্যাহত আছে। সর্বশেষ ছুতার নগরের উত্সব পোদ্দার লেনের একটি ভবন ধ্বংস শুরু হয়েছে। ওই এলাকার ২৮ নম্বর প্লটে অবস্থিত দোতলা বাড়িটির পেছনের কিছু অংশ ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। এখানে বহুতল ভবন তৈরি করে ফ্ল্যাট বিক্রি করা হবে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।বাড়িটি ভাঙার খবর জানার পর গত সপ্তাহে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রতিনিধিদল এলাকায় গিয়ে ভবন-মালিকদের ভাঙার কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেয়। তারা লিখিত নির্দেশ চাইলে রাজউক থেকে তাও দেওয়া হয়। কিন্তু এখনো রাতের বেলায় অল্প অল্প করে ভাঙার কাজ চলছে বলে এলাকাবাসী জানান। উত্সব পোদ্দার লেনে গিয়ে দেখা যায়, পেছনে কিছুটা ভাঙা হলেও ‘ইউ’ আকৃতির বাড়িটি এখনো দাঁড়িয়ে আছে। ওয়ারিশসূত্রে বাড়িতে কয়েকটি পরিবার বসবাস করছে।রাজউকের অথরাইজড কর্মকর্তার (১-বি) কার্যালয় সূত্রে জানা যায়, বাড়িটির মালিকপক্ষ সূর্য কুমার সাহা গং। বাড়িটি না ভাঙার বিষয়ে রাজউকের কাছ থেকে চিঠি গ্রহণ করেন সুধীর কুমার ভট্টাচার্য নামের এক ব্যক্তি। তবে বাড়িটির বিষয়ে রাজউকের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন মালিকের আত্মীয় লিটন কুমার। রাজউকের চিঠির পরিপ্রেক্ষিতে তিনি ভূমি ছাড়পত্রের জন্য আবেদন জানিয়েছেন বলে রাজউক থেকে জানানো হয়।বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত নগর উন্নয়ন কমিটির সুপারিশের ভিত্তিতে রাজধানীর পুরান ঢাকাসহ সাতটি এলাকার কয়েকটি নির্দিষ্ট রাস্তা এবং ৯৩টি বাড়ি ও স্থাপনাকে ঐতিহ্যবাহী ও সংরক্ষিত ঘোষণা করা হয়। উত্সব পোদ্দার লেনের ২৮ নম্বর বাড়িটিও এ তালিকায় ছিল।সংরক্ষিত বাড়ি রক্ষার ক্ষেত্রে রাজউক ও ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) সঠিকভাবে দায়িত্ব পালন করে না বলে অভিযোগ আছে। রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ জহুরুল হক জানান, যেহেতু নির্দিষ্ট বাড়ি এবং এলাকা সংরক্ষিত বলে গেজেট প্রকাশিত হয়েছে, তাই যখনই কোনো বাড়ি ভাঙার খবর পাওয়া যায়, রাজউক ভবন ধ্বংসকারীদের বাধা দেয়।নিজস্ব বিধি অনুসারে সংরক্ষিত বাড়িকে ক্ষতিগ্রস্ত করা হলে রাজউক বাড়িসহ জায়গাটি অধিগ্রহণ করতে পারে। কিন্তু তা না করায় এ ধরনের বাড়ি ভাঙার ঘটনা বাড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে।রাজউকের দায়িত্বশীল সূত্রমতে, সংরক্ষিত স্থাপনাগুলো সার্বক্ষণিকভাবে পাহারা দেওয়ার ক্ষেত্রে রাজউকের লোকবলের অভাব রয়েছে। এ ছাড়া বাড়ি ভাঙার বিষয়ে থানায় মামলা করতে গেলে এলাকার কেউ সাক্ষ্য দিতে রাজি হন না বলেও সংরক্ষিত ভবন ধ্বংসের বিষয়টি বন্ধ হচ্ছে না।ডিসিসির মেয়র সাদেক হোসেন বলেন, সম্পত্তি বিভাগ ও নগর পরিকল্পনা বিভাগকে এ বিষয়ে নির্দেশ দেওয়া আছে। এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখবেন বলে তিনি জানান।রাজধানীর ঐতিহ্যবাহী ভবনগুলো রক্ষণাবেক্ষণের কাজে বেসরকারিভাবে নিয়োজিত আছে আরবান স্টাডি গ্রুপ নামের একটি সংগঠন। সংগঠনের প্রধান নির্বাহী স্থপতি তাইমুর ইসলাম প্রথম আলোকে বলেন, নগর উন্নয়ন কমিটির অনুমতি ছাড়া সংরক্ষিত কোনো বাড়ি পরিবর্তন বা অপসারণ করা যায় না। কিন্তু উত্সব পোদ্দার লেন বা প্যারীদাস রোডের ভবনগুলো ভাঙার ক্ষেত্রে কোনো অনুমতি নেওয়া হয়নি।