পুরান ঢাকায় গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাই
পুরান ঢাকায় আবারও ছিনতাই হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আরমানিটোলায় প্রকাশ্যে গুলি করে ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুজন গুলিবিদ্ধ হন।আরমানিটোলা এলাকায় গুলিবিদ্ধ দুই ব্যক্তি হলেন রফিকুল ইসলাম (৩৫) ও আমির হোসেন (৪০)। নলগোলা এলাকার বাঁধন মেটাল নামের একটি দোকানের মালিক রফিকুল ইসলাম। আমির হোসেন তাঁর প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তাঁদের দুজনেরই পায়ে গুলি লাগে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রফিকুল বলেন, নবাবপুরের ইসলামী ব্যাংক থেকে ২৫ লাখ ৭০ হাজার টাকা তুলে তাঁরা নিজেদের প্রতিষ্ঠানে ফিরছিলেন। পথে আরমানিটোলা মসজিদের সামনে দুটি মোটরসাইকেলে করে আসা চার-পাঁচজন যুবক তাঁদের গতি রোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ নিয়ে তাঁদের সঙ্গে ছিনতাইকারীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা দুজনের পায়ে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জমির উদ্দীন বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের কয়েকটি দল মাঠে নেমেছে।এর আগে গত ২৭ ডিসেম্বর বিকেলে পুরান ঢাকার নাজিরাবাজারে রুবেল নামে এক দোকানকর্মীকে গুলি করে হত্যা করে ১০ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ২৯ জানুয়ারি দুপুরে মৌলভীবাজারে ছিনতাইকারীরা গুলি করে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় তাদের গুলিতে বাবুল নামে এক ছিনতাইকারীর মৃত্যু হয়।