পুরান ঢাকায় ছিন্নমূলদের পাশে 'মাঞ্জা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাবার মোড়কজাত করছেন ‘মাঞ্জা’ সদস্যরা। ছবি: বিজ্ঞপ্তি
খাবার মোড়কজাত করছেন ‘মাঞ্জা’ সদস্যরা। ছবি: বিজ্ঞপ্তি

‘মাঞ্জা’ ১২ জন বন্ধুর তৈরি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাঁরা সবাই পুরান ঢাকার শিংটোলা এলাকার স্থায়ী বাসিন্দা। কেউ বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়ে চাকরি করেন, কেউ করেন ছোটখাটো ব্যবসা। আবার কেউ এখনো ছাত্র। সারা দেশে চলমান করোনা পরিস্থিতিতে তাঁরা এগিয়ে এসেছেন দুস্থ মানুষের সহায়তায়।


করোনা–সংকটের সময়ে তাঁরা নিজ উদ্যোগে প্রায় ২০০ পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছেন এবং প্রায় ৮০০ জনকে এক বেলা খাইয়েছেন। আর পবিত্র এই রমজান মাসে ৩০০ জন মানুষের হাতে পৌঁছে দিয়েছেন খাদ্যসহায়তা। কারও জন্য ছিল ইফতারি, কারও জন্য ছিল রাতের অথবা সাহ্‌রির খাবার।

ছিন্নমূল মানুষের হাতে পৌঁছে যাচ্ছে খাবার। ছবি: বিজ্ঞপ্তি
ছিন্নমূল মানুষের হাতে পৌঁছে যাচ্ছে খাবার। ছবি: বিজ্ঞপ্তি

সংগঠনটির ষষ্ঠ আয়োজনে গতকাল শুক্রবার পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় প্রায় ৩৫০ জন পথশিশু ও দুস্থ মানুষের মধ্যে রান্না করা পোলাও মাংস বিতরণ করে।


সংগঠনের এক সদস্য আরমান হোসেন বলেন, ‘অনেক ছিন্নমূল শিশু আমাদের বলেছিল, পোলাও আর মুরগি খেতে চায়। এবার আমরা তাদের কথা চিন্তা করে আয়োজনটি করেছি। খুব অল্প পরিমাণে হলেও খাবার দিতে পেরে আমরা খুশি।’


আরমান আরও বলেন, ‘কা শহরে লক্ষাধিক মানুষ রাস্তায় ফুটপাতে রাত কাটায়, তাদের নেই কোনো বাড়িঘর, নেই রোদ–বৃষ্টিতে মাথা গোজার ঠাঁই। করোনাভাইরাস পরিস্থিতিতে সবাই দুস্থদের হাতে বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দিচ্ছে রান্না করে খাওয়ার জন্য। কিন্তু এদের নেই রান্না করার জায়গাও। বিক্রি করে কিছু কিনে খাবে, সেই উপায়ও নেই। তাই আমরা রান্না করেই তাদের হাতে তুলে দিচ্ছি।’

খাবার নিয়ে বের হয়েছেন ‘মাঞ্জা’র সদস্যরা। ছবি: বিজ্ঞপ্তি।
খাবার নিয়ে বের হয়েছেন ‘মাঞ্জা’র সদস্যরা। ছবি: বিজ্ঞপ্তি।

গ্রুপটির নাম মাঞ্জা। কেন এই নাম জানতে চাইলে গ্রুপের আরেক সদস্য সাগর রশিদ বলছিলেন, পুরান ঢাকার ঘুড়ি উৎসবে নানা উপকরণ দিয়ে ঘুড়ির সুতা ধারালো করা হয়। স্থানীয় ভাষায় তাঁরা যাকে বলেন মাঞ্জা। এই মাঞ্জা দেওয়ার ফলে সুতা মজবুত হয়, উৎসব প্রাণশক্তি পায়। তেমনি নানা দুর্যোগে, দুঃসময়ে তাঁদের গ্রুপটাও মাঞ্জার মতো মজবুত। সেই প্রাণশক্তি নিয়েই তাঁরা করোনাভাইরাসে ঘরবন্দী মানুষের কাছে খাবার নিয়ে হাজির হচ্ছেন।


মাঞ্জা গ্রুপ নিজেদের উদ্যোগে করোনা মহামারির শুরু থেকে বিভিন্ন সময়ে কয়েক শ ছিন্নমূল মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তবে নিজেদের অর্থায়নে তাদের এই উদ্যোগ ক্রমাগত এগিয়ে নিতে ব্যর্থ হচ্ছে তারা। তাদের ইচ্ছা শত থেকে হাজারও ছিন্নমূল ও অসহায় মানুষের উপকার করা।


সংগঠনের সদস্যরা হলেন সাগর রশিদ, মো. ইয়াসির হাসান আকাশ, কে এম আল রাফসান জানি সিদ্দিকী (দিগন্ত), মো. ইফতেখার ইবনে জাফর (আবির), কে এম আল মুনিম সিদ্দিকী (প্রান্ত), মো. নোমান শেখ, আরমান হোসেন, আরমান ওয়াহিদ সম্রাট, আহসানুল সৈকত, রবিন হোসেন, রাইহানুর জামান রাইহান ও গালিব হোসেন। বিজ্ঞপ্তি